জাল কাগজপত্রের অভিযোগে সিলেটে ‘স্টেপ’ সিলগালা

জাল কাগজপত্রের অভিযোগে সিলেটে ‘স্টেপ’ সিলগালা

সিলেট নগরীতে লাইসেন্স, সাইনবোর্ড, ক্যাশমেমোসহ অন্যান্য ডকুমেন্ট জালিয়াতির অভিযোগে ‘স্টেপ’ নামের একটি জুতার দোকানকে সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার দুপুরের দিকে অভিযান চালিয়ে দোকানটিকে সিলগালা করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, জিন্দাবাজারের মিতালি ম্যানশনে অবস্থিত ‘স্টেপ’ নামের জুতার দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় দোকানটিতে ‘পায়ে পায়ে’ নামের একটি জুতার দোকানের লাইসেন্স, লোগো, ক্যাশমেমোসহ অন্যান্য কাগজপত্র পাওয়া যায়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদে ‘স্টেপ’ কর্তৃপক্ষ সন্তোষজনক কোনো জবাব দিতে না পারায় তাৎক্ষণিকভাবে দোকানটি সিলগালা করা হয়।

পাশাপাশি, তিন দিনের মধ্যে যথাযথভাবে কাগজপত্র বা অন্যান্য ডকুমেন্ট জমা দেওয়া হলে দোকানটি খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

অভিযানের নেতৃত্বে ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। তাঁকে সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশের একটি দল।

সিলগালার বিষয়টি নিশ্চিত করেছেন দেবানন্দ সিনহা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন