নিখোঁজের ২৪ ঘণ্টা পর বিজিবি সদস্যের লাশ উদ্ধার

নিখোঁজের ২৪ ঘণ্টা পর বিজিবি সদস্যের লাশ উদ্ধার

সিলেটে নিখোঁজের ২৪ ঘণ্টা পর এক বিজিবি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল পাঁচটার দিকে সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি (পন্নগ্রাম) পিয়াইন নদীর তলদেশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজিবির সিপাহী মাসুম বিল্ল্যাহর গ্রামের বাড়ি নেত্রকোনায়।

জানা যায়, স্থানীয় ডুবুরি নুর মিয়ার নেতৃত্বে বিজিবি সিপাহীর লাশ উদ্ধার হয়। পাশাপাশি জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন টিম, বিজিবি টিম, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সহযোগিতা করেন।

উদ্ধারের সময় উপস্থিত ছিলেন সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এবং সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

এরআগে, শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকায় ভারতীয় চোরাই পণ্যবাহী নৌকা থামাতে গিয়ে বিজিবির নৌকার সঙ্গে ধাক্কা লাগে। এতে উভয় নৌকা পানিতে ডুবে যায়। এ সময় অস্ত্রসহ পানিতে ডুবে নিখোঁজ হন বিজিবি সিপাহী।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, বিজিবি সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, বিজিবিসহ প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন। এ ঘটনায় কেউ আটক না হলেও নৌকা ও চোরাই সুপারি বিজিবির হেফাজতে রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন