মৌলভীবাজারে রুহুল কবির রিজভী

দেশের ভঙ্গুর অর্থনীতিকে মজবুত করেছিলেন সাইফুর রহমান

দেশের ভঙ্গুর অর্থনীতিকে মজবুত করেছিলেন সাইফুর রহমান

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের ভঙ্গুর অর্থনীতিকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়ে ছিলেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। বাংলাদেশকে স্বাবলম্বী করতে তার ভূমিকা ছিল অতুলনীয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে তিনি দুর্ভিক্ষের দেশকে উৎপাদনশীল দেশে পরিণত করেছিলেন।

রোববার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এম সাইফুর রহমান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা উপলক্ষে এর আয়োজন করে বাহারমর্দান সমাজ কল্যাণ সমিতি।

বিজ্ঞাপন

রিজভী বলেন, আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার কীভাবে দেশের টাকা পাচার করেছে। পদ্মাসেতু, ফ্লাইওভার, মেগাপ্রকল্পের নামে বিদেশ থেকে ঋণ এনে সেই টাকা তছরুপ করেছে তারা। ছেলে-মেয়ের নামে লন্ডনে ফ্ল্যাট কেনা হয়েছে। অথচ এ দেশের তহবিল সংগ্রহ করেছেন সাইফুর রহমান, বৃদ্ধি করেছেন জাতীয় সঞ্চয়। যার বিরুদ্ধে একটি টাকাও এদিক-সেদিক করার অভিযোগ পাওয়া যায়নি।

তিনি বলেন, সাইফুর রহমান আন্তর্জাতিকভাবেও সম্মানিত হয়েছিলেন। বিশ্বব্যাংক ও আইএমএফ’র চেয়ারম্যান হয়েছিলেন। এটি যেনতেন মানুষ হতে পারেন না।

মেগা ফাইনালে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব আব্দুর রহিম রিপন, সদস্য বকসী মিছবাউর রহমান প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন