সুনামগঞ্জের জগন্নাথপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের জগন্নাথপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার
নিহত যুবক

সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘাস কাটার জন্য এসে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সৈয়দুল ইসলাম (২৪)। তিনি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রামের ইউনুস আলীর ছেলে। ময়নাতদন্তের জন্য লাশ শনিবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার সন্ধ্যা ৬টায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের ফসলি জমি থেকে ওই যুবকের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টায় সৈয়দুল ইসলাম ঘাস কাটার জন্য রৌয়াইল গ্রামে আসেন। পরে বিকাল পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে রৌয়াইল গ্রামে ফসলি জমিতে তার গলা কাটা লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

সৈয়দুলের ভাই সোহেল মিয়া জানান, তার ভাই শুক্রবার সকাল সাড়ে ৯টায় বস্তা ও কাস্তে নিয়ে ঘাস কাটতে যায়। পরে আমরা খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। তার ভাইকে হত্যায় জড়িতদের বিচার চেয়েছেন।

এ বিষয়ে জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের মাথায় আঘাত, গলা কাটা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা কাঁচি উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...