আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেটে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

সিলেট ব্যুরো

সিলেটে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন

সিলেটে জ্বালানি তেলের ডিপোগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য মজুতদারি, নাশকতা ও সরবরাহে বিঘ্ন এড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেলার গুরুত্বপূর্ণ পদ্মা ও মেঘনা ডিপোতে বিজিবির সদস্যরা দায়িত্ব পালন শুরু করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট ও পার্শ্ববর্তী মৌলভীবাজার জেলাসহ দেশের মোট ১৯টি জ্বালানি ডিপোতে বিজিবি মোতায়েন রয়েছে। প্রতিটি স্থানে একজন কর্মকর্তার নেতৃত্বে সদস্যরা টহল ও সার্বিক তদারকি করছেন। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

তবে তেলে ডিপোতে বিজিবি মোতায়েন নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান।

তিনি বলেন, ডিপোতে নিরাপত্তার কথা শুনে বরং জনমতে আতঙ্ক তৈরি হবে। কোথা থেকে কীভাবে সরবরাহের সময় তেল চুরি হচ্ছে সেই চোরাই পয়েন্ট গুলো প্রশাসন ও গোয়োন্দো সংস্থাকে খোঁজে বের করতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, তেল চোরাই পয়েন্টগুলো চিহৃিত করে কঠোর নজরদারিতে রাখতে হবে। এটা প্রশাসনের দায়িত্ব। বিজিবি সীমান্তে দায়িত্ব পালন করবে যাতে তেল পাচার না হয়।

বিজিবি ১৯ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সিলেটের পদ্মা ও মেঘনা ডিপোতে দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

ইউনিট সদর থেকে দূরবর্তী স্থানে দায়িত্ব পালনের সুবিধার্থে নিরাপদ স্থানে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। গত ২৫ মার্চ সকাল থেকে সিলেট জেলায় ২টি, মৌলভীবাজার জেলায় ৩টি এবং সুনামগঞ্জ জেলায় ১টি ডিপোতে বিজিবি মোতায়ন করা হয়েছে।

এছাড়া ডিপোর নিরাপত্তার পাশাপাশি সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধেও জোর তৎপরতা চলছে। সীমান্ত এলাকায় টহল বাড়ানো হয়েছে এবং ইমিগ্রেশন চেকপোস্ট ও ল্যান্ড কাস্টমস স্টেশনে পণ্যবাহী যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে সম্ভাব্য জ্বালানি সংকট নিয়ে গুজব ঠেকাতে এবং পাম্প পর্যায়ে সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসনও ব্যবস্থা নিয়েছেন। প্রতিটি পেট্রোল পাম্পে তদারকির জন্য ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ মজুত বা কারসাজির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...