আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেটে মধ্যরাতে সড়ক অবরোধ করে সংঘর্ষে জড়ালেন ৫ গ্রামের মানুষ

সিলেট ব্যুরো

সিলেটে মধ্যরাতে সড়ক অবরোধ করে সংঘর্ষে জড়ালেন ৫ গ্রামের মানুষ

সিলেট নগরীর তেমুখী এলাকায় দুই কিশোরের ঝগড়াকে কেন্দ্র করে মধ্যরাতে সংঘর্ষে জড়িয়েছেন ৫ গ্রামের মানুষ। বুধবার মধ্যরাতে তেমুখী এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরাধ করে সংঘর্ষে অবশেষে জড়ান পাঁচ গ্রামের বাসিন্দারা। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তবে এটা কোনো রাজনৈতিক ঘটনা নয় বলে জানিয়েছেন এসএমপির এডিসি (মিডিয়া) সাইফুল ইসলাম। তিনি বলেন, দুই কিশোরের কথা-কাটাকাটিকে কেন্দ্র করে স্থানীয় অধিবাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, বুধবার দিবাগত রাত ১২টার দিকে নগরের তেমুখী এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা ইটপাটকেল নিক্ষেপসহ এ সংঘর্ষ চলে। এ সময় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জালালাবাদ থানার পুলিশ জানিয়েছে, জালালাবাদ থানার অধীন তেমুখী এলাকার পার্শ্ববর্তী কুমারগাঁও ও সাহেবেরগাঁও গ্রামের দুই কিশোরের কথা-কাটাকাটির জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে কুমারগাঁওয়ের লোকজনের পক্ষে নাজিরেরগাঁও এবং সাহেবেরগাঁওয়ের লোকজনের পক্ষে ছড়ারগাঁও ও কালিরগাঁওয়ের লোকজন যুক্ত হন। সিলেট-সুনামগঞ্জ সড়কে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এ ঘটনায় ওই সময় যান চলাচল বন্ধ ছিল।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। তবে তাদের কারও নাম-পরিচয় জানা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে রাত ১টার দিকে আবার যান চলাচল স্বাভাবিক হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব বলেন, সংঘর্ষের খবর পেয়ে প্রথমে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ সময় পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।

সিলেট এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শুরুতে কেউ কেউ সংঘর্ষের ঘটনাটি রাজনৈতিক বলে জানিয়েছিলেন। কিন্তু এরকম কোনো তথ্য পাওয়া যায়নি। মূলত কিশোরদের ঝগড়া থেকে দুই গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত। পরিস্হিতি ভালো আছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...