ছাত্রীর গলা টিপে ধরা ছাত্রলীগ ক্যাডার আহাদকে পুলিশে সোপর্দ

সিলেট ব্যুরো

ছাত্রীর গলা টিপে ধরা ছাত্রলীগ ক্যাডার আহাদকে পুলিশে সোপর্দ

নিষিদ্ধ ছাত্রলীগ সিলেট জেলা সাধারণ সম্পাদক পলাতক রাহেল সিরাজের সহযোগী চিহ্নিত সন্ত্রাসী ক্যাডার আহাদকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত জনতা। গত সোমবার মধ্যরাতে সাপ্লাই এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ছাত্রলীগ ক্যাডার আব্দুল আহাদ (২৭) সাপ্লাই রোডের কলবাখানি এলাকার গোলাম গফুর মিয়ার ছেলে। বর্তমানে সে পুলিশের তদারকিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন

একটি সূত্র জানায়, গত বছরের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তানজিনা বেগম নামের এক শিক্ষার্থীকে হত্যার জন্য গলা টিপে ধরেছিল এই সন্ত্রাসী আহাদ। শিক্ষার্থীর গলা টিপে ধরা ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করে।

ওই শিক্ষার্থী এ বিষয়ে তার ফেসবুকে ওয়ালে লিখেছিলেন, প্রথম আঘাতেই ছাত্রলীগ তার নাক ফাটিয়ে দেয়। তবুও তিনি উঠে দাঁড়ালে ছাত্রলীগের এক সন্ত্রাসী তার গলা টিপে ধরে।

জানা যায়, সোমবার রাতে নগরীর আম্বরখানার সাপ্লাই রোড এলাকায় স্থানীয় লোকজন সন্ত্রাসী আব্দুল আহাদকে মারধর করে এয়ারপোর্ট থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলাও রয়েছে।

এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, সোমবার রাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুল আহাদকে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয় জনতা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলাও রয়েছে। কিছুটা সুস্থ হলে তাকে আদালতে পাঠানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন