শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ইতোমধ্যে বেশকিছু কারখানার শ্রমিকরা বেতন-ভাতা পেয়েছেন, বাকিরাও কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন। ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের ব্যাপারে সরকার আশাবাদী।
শনিবার বিকালে শাহী ঈদগাহ পরিদর্শন শেষে এসব কথা বলেন আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। সরকার এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা করবে। আমরা আশাবাদী, এবার শ্রমিকরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন।
মন্ত্রী আরো বলেন, মালদ্বীপে গ্যাস বিস্ফোরণে পাঁচ বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সে দেশের আইন অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করে লাশ দেশে আনা হবে। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হবে।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে সরকারের তিনটি মন্ত্রণালয় সার্বক্ষণিক খোঁজখবর রাখছে জানিয়ে তিনি বলেন, প্রবাসীদের নিরাপত্তার বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

