রাষ্ট্রে সব ধর্মের মানুষ থাকবে এটাই স্বাভাবিক: মৌলভীবাজারের পুলিশ সুপার

রাষ্ট্রে সব ধর্মের মানুষ থাকবে এটাই স্বাভাবিক: মৌলভীবাজারের পুলিশ সুপার

মৌলভীবাজার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা) বলেছেন, একটি রাষ্ট্রে সব ধর্মের মানুষ থাকবে এটাই স্বাভাবিক। মাইনোরিটি শব্দ ব্যবহার মানে আগে থেকেই কারও মনোবল দুর্বল করে দেওয়া। যারা এ ধরনের কথা বলে, তাদের থেকে দূরে থাকুন। তারা দেশ ও সমাজের মঙ্গল চায় না।

বিজ্ঞাপন

রোববার দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা যত আধুনিক হচ্ছি, ততই হানাহানির মাত্রা বেড়ে যাচ্ছে। বিভিন্ন সময় দেখা যায়, পূজামণ্ডপে হাত দেওয়া বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে অথচ ১৫-২০ বছর আগে এমনটা ছিলো না।

মৌলভীবাজার মডেল থানা পুলিশ প্রশাসন এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে অধিক সাহসিকতার সাথে সনাতন ধর্মাবলম্বীরা যাতে আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা পালন করতে পারেন সে ব্যাপারে বর্তমান সরকার বদ্ধ পরিকর। হিন্দু ভাইদের যাতে নিরাপত্তা নিয়ে চিন্তা করতে না হয় সে ব্যাপারে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার ব্যাপারে কখনও ছাড় দেওয়া হবে না। সবাই তৎপর থাকলে দুষ্কৃতিকারীরা কোনো ক্ষতি করতে পারবে না।

পুলিশ সুপার আরও বলেন, প্রতিটি থানার ওসিকে যুক্ত করে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে। যেকোনো ম্যাসেজ মুহূর্তে পুলিশ সুপারের ফোনে পৌঁছাবে। নাগরিকরা এই গ্রুপের মাধ্যমে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

মতবিনিময় সভায় সদর উপজেলার ১২ ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ কমিটির সভাপতিবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন। মতবিনিময় সভায় বক্তব্য দেন - বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন, জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি অ্যাড. সুনীল কুমার দাশ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী, মাওলানা জামিল আহমেদ আনসারি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য স্বাগত কিশোর দাশ চৌধুরী, এনসিপির জেলা প্রধান সমন্বয়ক সাহেদ আলম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি আশু রঞ্জন দাশ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন