ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি

হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
ছবি: আমার দেশ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর নামক স্থানে সিলেটগামী ৯৫১ নং তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টায় ঢাকা বিভাগীয় রেল কর্মকর্তা এ বি এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, বিভাগীয় কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে হবে। কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তদন্ত কমিটি তা বের করবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর ১২টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। আরো কত ঘণ্টা লাগতে পারে, তা-ও সঠিকভাবে বলতে পারেননি মনতলা স্টেশনমাস্টার আতাউর রহমান খাদেম।

এর আগে বুধবার (১ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট রেলপথে এ দুর্ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।

স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দে তেলবাহী ট্রেনটি পাঁচটি ওয়াগন নিয়ে লাইনচ্যুত হলে কয়েকটি ওয়াগন রেললাইন থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। ঘটনার পর আশপাশের লোকজন সেখানে ভিড় করে। অনেকে লাইনচ্যুত ওয়াগন থেকে তেল লুটের চেষ্টা করে। পরে খবর পেয়ে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রেলওয়ে সূত্রে জানা যায়, জ্বালানি তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটে যাচ্ছিল। রাত পৌনে ১০টার দিকে মনতলা রেল স্টেশন অতিক্রমকালে এর পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি লাইনের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশনের মাস্টার লিটন কুমার চন্দ্র দেব বলেন, উদ্ধার কার্যক্রম চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...