হেফাজতের আলোচনায় বক্তারা

শাপলা চত্বরের ঘটনা ‘কালো অধ্যায়’

সিলেট ব্যুরো

শাপলা চত্বরের ঘটনা ‘কালো অধ্যায়’

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে স্মরণ করে এবং এর বিচার দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বাদ যোহর নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা ওই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হেফাজতে ইসলাম সিলেট মহানগরের সেক্রেটারি মুফতী ফয়জুল হক জালালাবাদীর সভাপতিত্বে এবং মাওলানা আসলাম রাহমানীর পরিচালনায় সভায় বক্তব্য দেন—প্রিন্সিপাল শায়েখ মাওলানা নাসির উদ্দিন, মাওলানা খলিলুর রহমান, মুফতী তাহুরুল ইসলাম, পীর মাওলানা বশির আহমদ, এইচ. এম মঈনুল ইসলাম আশরাফী, হাফিজ মাওলানা রইস উদ্দিন, মাওলানা হোসাইন আহমদ মাদানী, হাফিজ তাকবির আহমদ, হাফিজ মাওলানা তাজুল ইসলাম, হাফিজ মাওলানা মাসুম আহমদসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা ৫ মের ঘটনাকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম কালো অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, সেদিন শান্তিপূর্ণ সমাবেশে অংশ নেওয়া আলেম-ওলামা ও সাধারণ মানুষের ওপর যে সহিংসতা চালানো হয়েছিল, তা মানবতার বিরুদ্ধে অপরাধ। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও প্রকৃত দোষীদের বিচার হয়নি বলে তারা অভিযোগ করেন।

সভা শেষে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন কোর্ট পয়েন্ট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম।

দোয়া মাহফিলে নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন