হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় সোহেল মিয়া (৪৫) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে অটোরিকশা শ্রমিকরা এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ থাকে।
রোববার ভোরে উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া কুর্শি গ্রামের জব্বার উল্লাহর ছেলে।
পুলিশ জানায়, সিলেটগামী মাছবোঝাই একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রাকটি আটক করা হয়।
এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

