সিলেটে যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার ২

সিলেটে যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার ২

সিলেট নগরীর কিনব্রিজ এলাকায় ডালিম মিয়া (৩৫) নামের এক যুবক খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যায় ব্যবহৃত ছুরিও জব্দ করা হয়েছে। শনিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে নগরীর ঘাসিটুলা এলাকায় অভিযান চালিয়ে খুনে জড়িত থাকার দায়ে কালা মিয়া নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি মৌলভীবাজার জেলার কাউতলা গ্রামের আইয়ুব আলীর ছেলে।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে নাঈম আহমেদ রজব নামের আরেক তরুণকে আটক করে। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার পানিছড়া গ্রামের মো. মনাফ মিয়ার ছেলে। তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি জব্দ করে পুলিশ।

এদিকে শুক্রবার বিকালে নিহত ডালিম মিয়ার মা রীতা বেগম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো চার থেকে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে গ্রেপ্তার হওয়া কালা মিয়া ওই হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি। এ নিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালি মডেল থানা থেকে আনুমানিক ৫০০ গজ দূরে খুন হন ডালিম মিয়া। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন