হবিগঞ্জে বিপৎসীমার ওপরে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জে বিপৎসীমার ওপরে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

টানা দুই দিনের ভারি বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে হবিগঞ্জ জেলার নদ-নদীর পানি আশঙ্কাজনক হারে বাড়ছে। এর মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই নদীর গেট খুলে দেওয়ায় জেলায় এই নদীতে পানির প্রবাহ তীব্র আকার ধারণ করেছে। ফলে নদীতীরবর্তী মানুষের মধ্যে বন্যার আশঙ্কা ও আতঙ্ক দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল ৯টায় খোয়াই নদীর পানি বাল্লা পয়েন্টে বিপৎসীমার ২২০ সেন্টিমিটার, শায়েস্তাগঞ্জে ৯৯ সেন্টিমিটার এবং হবিগঞ্জের মাছুলিয়ায় ১১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যানুযায়ী, জেলার প্রায় সব নদীতেই পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সবচেয়ে উদ্বেগজনক অবস্থা খোয়াই নদীর বাল্লা সীমান্ত পয়েন্টে। উভয় স্টেশনেই পানি দ্রুত বাড়ছে। এছাড়া ধলেশ্বরী, সুতাং, সোনাই, করাঙ্গী, জানিখাল, জিয়ারখলাসহ অন্যান্য নদী-খাল-ছড়ায় পানি বেড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যে এবং দেশের অভ্যন্তরে গত দুই দিন ধরে ভারি বৃষ্টিপাত হচ্ছে। ইতোমধ্যে ভারতের খোয়াই নদীর চাকমা গেট খুলে দেওয়া হয়েছে। ফলে খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি খুব একটা ভালো নয়। কালনী-কুশিয়ারার পানিও এক দিন আগেই বিপৎসীমা অতিক্রম করেছে। মঙ্গলবার রাত থেকে জেলার প্রায় সব নদীর পানি দ্রুত বাড়ছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েক দিন ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি আরো জানান, খোয়াই নদীর পানি এভাবে বাড়তে থাকলে হবিগঞ্জ শহররক্ষা বাঁধের বিভিন্ন অংশ ঝুঁকির মুখে পড়তে পারে। যেকোনো সময় বাঁধের দুর্বল স্থানে ভাঙনের আশঙ্কা রয়েছে। এতে নদীতীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

টানা বর্ষণ ও উজানের ঢলে নদ-নদীর পানি দ্রুত বাড়ায় জেলার নিম্নাঞ্চল ও নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে শঙ্কা বাড়ছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন