আজমিরীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ যুবক নিহত

আজমিরীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ যুবক নিহত
ছবি: আমার দেশ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা এলাকায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলাচলরত তিনটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলগুলো দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তানবীর ঠাকুর নিহত হন। পরে স্থানীয় লোকজন আহত চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৭টার দিকে আরো দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার আমিরখানী গ্রামের নুরুল লস্করের ছেলে আবিদুল লস্কর (২৩), একই গ্রামের ফুল মিয়ার ছেলে তানভীর মিয়া (১৮)ও আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের চন্দন দাসের ছেলে অন্তর দাস (২৫)।

আহত অপর দুইজনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন- চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের শহীদ মিয়ার ছেলে বাচ্চু মিয়া (২৫) এবং গুছাপাড়া এলাকার থৈগাঁও গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. মিজান মিয়া (২২)।

আজমিরীগঞ্জ থানার ওসি আকবর হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন