আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঈদের ছুটিতে সতর্ক থাকার নির্দেশনা

ভারতে করোনা ছড়িয়ে পড়ায় উৎকণ্ঠা সিলেটে

খালেদ আহমদ, সিলেট ব্যুরো

ভারতে করোনা ছড়িয়ে পড়ায় উৎকণ্ঠা সিলেটে

পাশের দেশ ভারতে নতুন করে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এই নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে সীমান্তবর্তী সিলেটে। প্রায় দেড় মাস থেকে বিএসএফ ভারতের বিভিন্ন অঞ্চল থেকে লোকজনকে উঠিয়ে এনে সিলেটের বিভিন্ন সীমান্তে দিয়ে ঠেলে দিচ্ছে বাংলাদেশে। ফলে সিলেটের জন্য এটা অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। এ নিয়ে কী করণীয় তা নির্ধারণে গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের একটি জুম মিটিং অনুষ্ঠিত হয়।

এদিকে দেশে আবারও করোনার সংক্রমণ দেখা দেওয়ায় বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন শনাক্ত হয় ১৫ জনের।

বিজ্ঞাপন

সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আনিসুর রহমান জানান, এ অঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ঈদে স্বাস্থ্যসেবা নির্বিঘ্ন রাখতে দেশের হাসপাতাল ও ক্লিনিকগুলোকে ১৭ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

তিনি জানান, সিলেটে এখন পর্যন্ত কারো শরীরে করোনা ভাইরাস শনাক্ত না হলেও প্রবাসী অধ্যুষিত ওই অঞ্চলে করোনা সংক্রমণ ঠেকাতে আগাম প্রস্তুতি ও সচেতনতার বিকল্প নেই।

তিনি আরো জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা প্রতিপালনে তারা ইতোমধ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছেন। তিনি এও জানান, করোনা পরিস্থিতি নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই।

সিলেট বিভাগের সর্ববৃহৎ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানিয়েছেন, চিকিৎসা একটি জরুরি সেবা। এটা বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। ওসমানী হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সেবা ২৪ ঘণ্টাই চালু থাকবে। ঈদুল আজহার লম্বা ছুটি থাকলেও ৫ ও ৯ জুন আউটডোরে দুই ঘণ্টা করে রোগী দেখা হবে।

এছাড়া, ছুটির দিনগুলোতে চিকিৎসক এবং নার্সরা রোস্টার অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

এদিকে, ভারতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে এবং বিভিন্ন রাজ্যে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে।

বিশেষজ্ঞদের ধারণা, ভারতে সংক্রমিত করোনার ভ্যারিয়েন্ট বাংলাদেশেও ছড়িয়ে পড়ছে। যে কারণে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন