জমিয়ত নেতা হাফিজ নাঈমের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

সিলেট ব্যুরো

জমিয়ত নেতা হাফিজ নাঈমের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে জালালাবাদ ইমাম সমিতি ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। ছবি আমার দেশ

ফ্যাসিবাদ আমলে দায়ের করা ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় সাবেক ছাত্র জমিয়ত নেতা হাফিজ সৈয়দ নাঈম আহমদকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জালালাবাদ ইমাম সমিতি ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

গতকাল রোববার দুপুরে সিলেট ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সাংস্কৃতিক সংগঠন রেনেসাঁর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই স্থানে পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করে সিলেট মহানগর জালালাবাদ ইমাম সমিতি। এতে আলেম-উলামা, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন ইসলামি ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলায় রাজনৈতিক উদ্দেশ্যে হাফিজ সৈয়দ নাঈম আহমদকে জড়ানো হয়েছে। তাদের দাবি, কোনো সাক্ষী ছাড়াই এ রায় প্রদান করা হয়েছে, যা ন্যায়বিচারের পরিপন্থি। তারা তথাকথিত ‘হত্যাচেষ্টা’ মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল এবং দীর্ঘদিন কারাবন্দি সাবেক ছাত্র জমিয়ত নেতা হাফিজ সৈয়দ নাঈম আহমদকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ‘রেনেসাঁ’র আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মাওলানা মাহফুজ বিন আব্দুল হাফিজ।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরের সভাপতি মাওলানা এমরান আলম, মাওলানা সামিউর রহমান মুসা, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসানসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

হাফিজ সৈয়দ নাঈম আহমদের নিঃশর্ত মুক্তির দাবিতে একই স্থানে পৃথকভাবে মানববন্ধন করে জালালাবাদ ইমাম সমিতি সিলেট মহানগর।

এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জালালাবাদ ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা মুফতি রশিদ আহমদ এবং সঞ্চালনা করেন মহানগর সাধারণ সম্পাদক মাওলানা ওলীউর রহমান।

এসময় বক্তারা অবিলম্বে হাফিজ সৈয়দ নাঈম আহমদকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এতে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জালালাবাদ ইমাম সমিতির কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আব্দুস সুবহান, মাওলানা মাহমুদুল হাসান, মুফতি সাঈদ আহমদ, সৈয়দ সালিম কাসেমী, হাফিজ মাওলানা শরিফ উদ্দিন প্রমুখ।

উল্লেখ, মামলাটি ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে এক জনসভায় গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা হয়। সাম্প্রতিক রায়ের পর থেকে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন