সিলেট নগরীতে প্রকাশ্যে ফিল্মি স্টাইলে দুটি ছিনতাইয়ের ঘটনায় তোলপাড় চলছে নেট দুনিয়ায়। পুলিশ এখন পর্যন্ত কোন ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে পারেনি। এসএমপি কমিশনর আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ছিনতাইকারীদের সনাক্ত করা গেছে, ওরা শহর ছেড়ে বাইরে চলে গেছ তাই গ্রেপ্তার করা যায়নি।
পরপর দুইটি ছিনতাইয়ের ঘটনায় সিলেট নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমটি হয়েছিল হাউজিং এস্টেট এলাকায়। দ্বিতীয় ছিনতাইয়ের ঘটনাটি ছিল মোটরসাইকেল দিয়ে ফিল্ম স্টাইলে
সাগরদিঘিরে পাড় এলাকায় ।
ছিনতাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়লেও পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি ।
অপরদিকে সিলেটে ছিনতাই রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন সিলেট -১ আসেনের এমপি, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর।
শুক্রবার দুপুরে দক্ষিণ সুরমায় খোজারখলা মারকাজ জামে মসজিদের অজুখানা ও টয়লেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
খন্দকার আব্দুল মুক্তাদীর বলেন, অল্প কয়েকদিনে সিলেটে দুঃখজনভাবে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কোনো কোনোটি দিনের বেলায়ও ঘটেছে। এ ধরনের ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে স্পষ্টভাবে বলছি- জণগণের প্রত্যাশার বিপরীতে এ ধরনের ঘটনা রোধে যা যা করা দরকার তা করতে যাতে কোনো বিলম্ব করা না হয়। আমরা এ ধরনের আর একটা ঘটনারও পুনরাবৃত্তি দেখতে চাই না।
সন্দেহজনক কাউকে দেখতে পেলে দ্রুত ৯৯৯ নম্বরে জানাবেন। তাহলে এ ধরনের ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিতে পারবে।
ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, সড়ক দিয়ে হেঁটে যাওয়া এক নারীকে মোটরসাইকেল করে আসা দুই যুবক ঘেরাও করে। যুবকদের একজনের হাতে ছিলো ধারালো দা। মোটরসাইকেল চালকের মাথায় ছিলো হেলমেট। তারা ওই নারীর মোবাইল ফোন, ব্যাগ ও স্বর্ণালঙ্কার ছিনতাই করার চেষ্টা করে। এসময় ওই নারীর হিজাব ধরেও টানাটানি করতে দেখা গেছে ছিনতাইকারীদের। ছিনতাইকারীরা নারীর হাতে অস্ত্র দিয়ে কয়েকবার আঘাত করে।
ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। ইতোমধ্যে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

