অনলাইনভিত্তিক প্রসাধনী সামগ্রী বিক্রয়কারী কোরিয়ান মার্ট বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করেছে ঢাকা পশ্চিমের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
প্রতিষ্ঠানটির ল্যাপটপ, কম্পিউটার, কুরিয়ার সার্ভিস, নিজস্ব সফটওয়্যার ব্যবস্থা এবং প্রাপ্ত দলিলাদির তথ্য পর্যালোচনা করে ভ্যাট ফাঁকির এ ঘটনা উদঘাটন করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ভ্যাট কমিশনারের নির্দেশনা ও পল্লবী বিভাগীয় কর্মকর্তার তত্ত্বাবধানে গত ২১ সেপ্টেম্বর পল্লবী বিভাগীয় দপ্তরের আওতাধীন কোরিয়ান মার্ট বাংলাদেশে নিবারক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির ল্যাপটপ, কম্পিউটার ও অন্যান্য দলিলাদির তথ্য পেনড্রাইভের মাধ্যমে সংরক্ষণপূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত দলিলাদি যাচাই করে নিয়মবহির্ভূত ৪৬ কোটি ৭৩ লাখ ৬৩ হাজার ৬৪৭ টাকা বিক্রির তথ্য পাওয়া যায়। বিক্রির বিপরীতে ফাঁকিকৃত মূসকের পরিমাণ ৩ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৪৯০ টাকা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

