বেসরকারি খাতের দুই ব্যাংক প্রিমিয়ার ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে প্রিমিয়ার ব্যাংকে তিনজন এবং বাংলাদেশ কমার্স ব্যাংকে দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ এ-সংক্রান্ত চিঠির মাধ্যমে ব্যাংক দুটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে নিয়োগের সিদ্ধান্ত জানিয়েছে।
প্রিমিয়ার ব্যাংকে নিয়োগ পাওয়া তিন স্বতন্ত্র পরিচালক হলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহেদুর রহমান, এনডিসি, পিএসসি (অব.), মোহাম্মদ মোশারফ হোসেন ও মাসুদুর রহমান শাহ।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, প্রিমিয়ার ব্যাংকের নবনিযুক্ত স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ২৩(১)(ক) ধারার বিধান পরিপালনে প্রিমিয়ার ব্যাংকের পর্ষদে যোগ দেওয়ার আগে ইউসিবির পরিচালনা পর্ষদ থেকে তার পদত্যাগ নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংককে জানাতে ব্যাংকটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রফিকুল ইসলাম ও এস এম আব্দুল হামিদ, এফসিএ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

