এক ঘণ্টা কলমবিরতি পালনের কোনো নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের এমডি

অর্থনৈতিক রিপোর্টার

এক ঘণ্টা কলমবিরতি পালনের কোনো নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের এমডি

ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের ‘সচেতন গ্রাহক ফোরাম’ এক ঘণ্টার কলমবিরতি পালনের আহ্বান জানিয়েছে। তাদের আহ্বানে সাড়া দিয়ে ইসলামী ব্যাংকের কিছু কর্মকর্তা এক ঘণ্টার কলমবিরতি পালন করছেন। তবে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হোসাইন বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমাদের পক্ষ থেকে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। কেউ সেবা প্রদান না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

জানা গেছে, গতকাল বুধবার সচেতন গ্রাহক ফোরাম ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা ব্যাংকের কর্মকর্তাদের আজ এক ঘণ্টার কলমবিরতি পালনের আহ্বান জানায়। সেই আহ্বানে সাড়া দিয়ে ব্যাংকের অনেক শাখার কর্মকর্তারা কলমবিরতি পালন করছেন। তবে এ বিষয়ে সরাসরি কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। কিন্তু শাখায় গিয়ে সেবা না দিতে দেখা গেছে।

আলতাফ হোসাইন বলেন, ‘গ্রাহক সেবা নিতে না এলে আমাদের পক্ষে তো সেবা দেওয়া সম্ভব নয়। আমাদের কর্মকর্তারা সেবা দিতে প্রস্তুত। এখন কোন শাখায় কী হচ্ছে, তা এখানে বসে জানা সম্ভব নয়।’

আন্দোলনকে কেন্দ্র করে গ্রাহকেরা যদি সব টাকা তুলে নেন, তাহলে ব্যাংকের কী হবে—এমন প্রশ্নের জবাবে এমডি বলেন, ‘একটি ব্যাংক থেকে যদি গ্রাহকেরা এক দিনেই সব টাকা তুলে নেন, তাহলে ব্যাংক তো বন্ধ হয়ে যাবে। তবে বাস্তবে এমনটি কখনোই ঘটে না। আন্দোলনসহ নানা কারণে টাকা উত্তোলনের চাপ রয়েছে, তবে তা এখনো সহনীয় পর্যায়ে আছে। যদিও অন্যান্য সময়ের তুলনায় চাপ কিছুটা বেশি। এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। হলে তা সবাই জানতে পারত।’

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন