ইরানের ওপর নতুন করে হামলার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে গতকাল সোমবার তেলের দাম কমেছে। তবে হরমুজ প্রণালির কাছে জাহাজগুলোয় হামলার ঘটনায় সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এখনো বজায় রয়েছে। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বিকাল সোয়া ৪টা নাগাদ ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ০.৭৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৭.৫৭ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ০.৪ শতাংশ কমে ৯০.৪৫ ডলারে দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ১৬ শতাংশ কমেছিল, যা কোভিড-১৯ মহামারি শুরুর পর থেকে সাপ্তাহিক দরপতনের ক্ষেত্রে সবচেয়ে বড় ঘটনা।
স্যাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির আশায় তেলের দাম কমছে, যদিও বাস্তবে কোনো উল্লেখযোগ্য অগ্রগতির লক্ষণ নেই। ইরানের ওপর নতুন করে হামলার সম্ভাবনা খুবই কম—ট্রাম্পের এই মন্তব্য তেলের দামের ওপর নিম্নমুখী চাপ বেড়ে গেছে।
এর আগে গত রোববার ট্রাম্প বলেন, সংঘাত অবসানের আলোচনা যতক্ষণ এগিয়ে চলবে, ততক্ষণ ইরানের ওপর নতুন করে হামলা চালানোর সম্ভাবনা খুবই কম।
তবে এর মধ্যেই উভয় দেশ জানিয়েছে, হরমুজ প্রণালিতে বা তার কাছাকাছি এলাকায় জাহাজে হামলার ঘটনা ঘটেছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্প ইরানে নতুন করে হামলার ইঙ্গিত দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো মার্কিন সামরিক অভিযানের লক্ষণ দেখা যায়নি। ইরান জানিয়েছে, এমন কিছু ঘটলে তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত করবে।
গত শুক্রবার জেপি মরগ্যান এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্ববাজারে আবারও তেলের অতিরিক্ত সরবরাহ দেখা দিতে পারে। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ও অন্যান্য দেশে উৎপাদন বেড়ে যাওয়া এবং দুর্বল চাহিদার ফলে বৈশ্বিক সরবরাহ বর্তমানে প্রয়োজনের তুলনায় বেশি হয়ে গেছে।
মরগ্যানের পূর্বাভাস অনুযায়ী, গত সেপ্টেম্বরে প্রতিদিন ১১ লাখ ব্যারেল তেল উদ্বৃত্ত ছিল এবং অক্টোবরে এটা বেড়ে প্রতিদিন ১৪ লাখ ব্যারেলে পৌঁছাতে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

