আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তদান কর্মসূচি

আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তদান কর্মসূচি

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রকৌশলীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের সোশ্যাল গার্ডেন-২-এ কোয়ান্টাম ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ মুজিবুর রহমান হাওলাদার। আইডিইবির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ মীর হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন সংগঠনের ছাত্রবিষয়ক সদস্য প্রকৌশলী এইচ এম আমিনুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মোহাম্মদ মুজিবুর রহমান হাওলাদার বলেন, স্বেচ্ছায় রক্তদানের মতো মানবিক উদ্যোগ একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে এ আয়োজন ডিপ্লোমা প্রকৌশলীদের সামাজিক দায়বদ্ধতারই প্রকাশ।

সভাপতির বক্তব্যে প্রকৌশলী মো. কবীর হোসেন বলেন, মানুষের জীবন রক্ষায় রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং সর্বস্তরের মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

স্বাগত বক্তব্যে প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন রক্তদানকারী সদস্য প্রকৌশলীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কর্মসূচিতে আইডিইবির নির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন স্তরের প্রকৌশলীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শতাধিক ব্যাগ রক্ত সংগৃহীত হয়। সংগৃহীত রক্ত পরবর্তীতে আইডিইবির পক্ষ থেকে কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে প্রকৌশলী মো. ইমাম উদ্দিন, প্রকৌশলী সেলিমুর রহমান, প্রকৌশলী এস এম ফিরোজ, প্রকৌশলী শাহাদাত জামিল চৌধুরী লিন্টন, প্রকৌশলী মো. জসিম সিকদার রানাসহ আইডিইবির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন