ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট পুনরায় চালু করলে মিলবে আগের সব সুবিধা

স্টাফ রিপোর্টার

ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট পুনরায় চালু করলে মিলবে আগের সব সুবিধা

সাম্প্রতিক অস্থিরতার মধ্যে ভেঙে ফেলা বা বন্ধ করা মেয়াদি ও সঞ্চয়ভিত্তিক হিসাব পুনরায় চালুর সুযোগ দিয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকটি জানিয়েছে, আগামী সাত কর্মদিবসের মধ্যে গ্রাহকরা তাদের বন্ধ হওয়া মুদারাবা টার্ম ডিপোজিট (এমটিডিআর), মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম (এমএমপিডিএস), মুদারাবা স্পেশাল সেভিংস স্কিম (এমএসএস) ও মুদারাবা সেভিংস বন্ড (এমএসবি) হিসাব পুনরায় চালু করলে আগের সব সুবিধা ও শর্ত বহাল থাকবে।

সোমবার জারি করা এক অভ্যন্তরীণ নির্দেশনায় ব্যাংকটি এ তথ্য জানিয়েছে। নির্দেশনায় বলা হয়, সাম্প্রতিক পরিস্থিতির কারণে অনেক গ্রাহক আতঙ্কিত হয়ে তাঁদের বিভিন্ন ধরনের আমানত হিসাব ভেঙে বা বন্ধ করে নগদ অর্থ উত্তোলন করেছেন। এসব গ্রাহকের সুবিধার কথা বিবেচনা করে বিশেষ এ সুযোগ দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ১ জুন থেকে ১৫ জুনের মধ্যে বন্ধ বা ভাঙানো এমটিডিআর, এমএমপিডিএস, এমএসএস ও এমএসবি হিসাবধারীরা আবেদন করলে হিসাবগুলো পুনরায় সচল করা হবে। এ ক্ষেত্রে হিসাব খোলার সময়কার মুনাফাসহ অন্যান্য সুবিধা বহাল থাকবে।

এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যাংকের সব জোন, শাখা ও উপশাখাকে নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ হওয়া হিসাবগুলোর তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট গ্রাহকদের সঙ্গে মোবাইল ফোন ও ঠিকানার মাধ্যমে যোগাযোগ করার কথাও বলা হয়েছে।

ব্যাংকটির কর্মকর্তারা মনে করছেন, সাম্প্রতিক সময়ে ব্যাংকটিকে ঘিরে সৃষ্ট অনিশ্চয়তার কারণে কিছু গ্রাহক আমানত তুলে নিয়েছেন। পুনরায় হিসাব চালুর এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি ব্যাংকে নগদ অর্থের প্রবাহ বাড়বে।

সম্প্রতি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকটির বিভিন্ন শাখায় অস্থিরতা দেখা দেয়। এর পর কয়েক কার্যদিবসে বিপুল পরিমাণ আমানত উত্তোলনের ঘটনাও ঘটে। এমন পরিস্থিতিতে আমানত ধরে রাখা এবং তুলে নেওয়া অর্থ আবার ব্যাংকে ফিরিয়ে আনতেই এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন