চলতি (২০২৬-২৭) অর্থবছরে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) বাস্তবায়নাধীন ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিমের (সিইএস) আওতায় মোট ২ হাজার ৮০০ কোটি টাকার ক্ষুদ্রঋণ প্রদান করবে ১১টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠান। পিকেএসএফের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানকে এসব ঋণ প্রদান করা হবে।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পিকেএসএফ ভবন-১-এ আয়োজিত এক অনুষ্ঠানে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পিকেএসএফের পক্ষে ডিএমডি মুহম্মদ হাসান খালেদ এবং ব্যাংকগুলোর পক্ষে স্ব স্ব ব্যাংকের এমডি/ডিএমডি চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলো হলো—ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ঢাকা ব্যাংক, মধুমতি ব্যাংক, সীমান্ত ব্যাংক এবং দ্য ইউএই-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড (ইউবিকো)।
অনুষ্ঠানে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের বলেন, “দেশের স্বল্প আয়ের মানুষকে উদ্যোক্তায় রূপান্তরের যে উদ্যোগ পিকেএসএফ গ্রহণ করেছে, তার সফল বাস্তবায়নে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত করতেই এ স্কিম চালু করা হয়েছে। এ স্কিমের আওতায় ব্যাংক থেকে ঋণ নিয়ে পিকেএসএফের সহযোগী সংস্থাগুলো তা ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করবে এবং ঋণের গ্যারান্টি প্রদান করবে পিকেএসএফ। পিকেএসএফের নিবিড় তদারকির ফলে ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত হবে।”
উল্লেখ্য, ২০২৫ সালের ১ জুলাই আনুষ্ঠানিকভাবে সিইএসের কার্যক্রম শুরু হয়। বাস্তবায়নের প্রথম বছরে পিকেএসএফের সঙ্গে ১০টি ব্যাংক ও ১টি আর্থিক কোম্পানি চুক্তিবদ্ধ হয়। এর মধ্যে ৬টি ব্যাংক ও ১টি আর্থিক কোম্পানি ২৬টি সহযোগী সংস্থার ক্ষুদ্র উদ্যোগ অর্থায়ন কার্যক্রমে মোট ১ হাজার ৮২ কোটি টাকা ঋণ বিতরণ করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

