সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে (অর্থবছর ২০২৬) বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাওয়ার লক্ষণ দেখা গেছে। তবে সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল মন্থর। এই সময়ে দেশের জিডিপি প্রবৃদ্ধি প্রাথমিকভাবে ৪ দশমিক ১৪ শতাংশ প্রাক্কলন করা হয়েছে, যা ২০২৫ অর্থবছরের ৩ দশমিক ৪৯ শতাংশের চেয়ে বেশি। তবে মূল্যস্ফীতি এখনো উচ্চ পর্যায়ে রয়েছে।
ব্যবসায়ী সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা (এমসিসিআই) প্রকাশিত ২০২৬ অর্থবছরের প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। বুধবার এই প্রতিবেদন প্রকাশ করে দেশের প্রাচীনতম ও প্রতিনিধিত্বশীল বাণিজ্য সংগঠনটি।
প্রতিবেদনে বলা হয়, গত জুন মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৬ শতাংশ, যা মানুষের ক্রয়ক্ষমতা ও জীবনযাত্রার ব্যয়ের ওপর চাপ অব্যাহত রেখেছে। এই সময়ে বৈদেশিক খাতে তুলনামূলক ভালো অবস্থা দেখা গেছে, যার পেছনে শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের উন্নতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অর্থবছরটিতে রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী ছিল এবং জুনের শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে দেশের ব্যালেন্স অব পেমেন্টস ও বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা কিছুটা শক্তিশালী হয়েছে।
তবে একই সময়ে অর্থনীতি বেশ কিছু গুরুত্বপূর্ণ কাঠামোগত ও সামষ্টিক চ্যালেঞ্জের মুখে ছিল বলে মনে করে সংগঠনটি। প্রতিবেদনে বলা হয়, জুনে রপ্তানি প্রবৃদ্ধিতে ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা গেলেও সামগ্রিকভাবে রপ্তানি প্রবৃদ্ধি দুর্বল ছিল। উচ্চ সুদহার ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বেসরকারি বিনিয়োগ, ঋণপ্রবাহ এবং অভ্যন্তরীণ চাহিদাও বাধাগ্রস্ত হয়েছে। পাশাপাশি ব্যাংকিং খাত চাপের মধ্যে ছিল এবং রাজস্ব খাতের সীমাবদ্ধতা ও উচ্চ মূল্যস্ফীতিও অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করেছে।
এমসিসি মনে করছে, এই সময়টিকে সামষ্টিক অর্থনৈতিক সমন্বয় থেকে ধীরে ধীরে পুনরুদ্ধারের দিকে অগ্রসর হওয়ার একটি পর্যায় হিসেবে দেখা যায়। এ ক্ষেত্রে অর্থনীতিতে বৈদেশিক খাতের স্থিতিশীল প্রবৃদ্ধি ছিল একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক। প্রতিবেদনে দেওয়া পরামর্শে উল্লেখ করা হয়, সামনে শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য মূল্যস্থিতি নিশ্চিত করা, আর্থিক খাতকে শক্তিশালী করা, বেসরকারি বিনিয়োগ ও রপ্তানি বাড়ানো এবং বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখা গুরুত্বপূর্ণ হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

