চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র ১ দশমিক ৮৫ শতাংশ। গত পাঁচ অর্থবছরের একই সময়ের তুলনায় এটি সর্বনিম্ন। এ সময়ে উন্নয়ন প্রকল্পে ব্যয় হয়েছে ৫ হাজার ৭০৯ কোটি ৭০ লাখ টাকা। অথচ পুরো অর্থবছরের জন্য এডিপিতে বরাদ্দ রয়েছে ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি ৮৬ লাখ টাকা।
সোমবার বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ অগ্রগতি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগের ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-আগস্টে এডিপি থেকে খরচ হয়েছিল ৫ হাজার ৭১৪ কোটি ৮৩ লাখ টাকা। ওই সময়ে বাস্তবায়নের হার ছিল ২ দশমিক ৩৯ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে প্রকল্প ব্যয় কমেছে ৫ কোটি ১৩ লাখ টাকা। একই সঙ্গে বাস্তবায়ন হার কমেছে দশমিক ৫৪ শতাংশীয় পয়েন্ট।
আইএমইডির পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরের শুরুতে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে যে ধীরগতি দেখা দিয়েছে, আগের চার বছরেও পরিস্থিতি এতটা নিচে নামেনি। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম দুই মাসে এডিপি ব্যয় হয়েছিল ৭ হাজার ১৪৩ কোটি ৮ লাখ টাকা। বাস্তবায়নের হার ছিল ২ দশমিক ৫৭ শতাংশ। ওই বছর মোট বরাদ্দ ছিল ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি ৯০ লাখ টাকা।
২০২৩-২৪ অর্থবছরের জুলাই-আগস্টে ব্যয় হয় ১০ হাজার ৫৪১ কোটি ৮০ লাখ টাকা। মোট বরাদ্দের বিপরীতে বাস্তবায়নের হার ছিল ৩ দশমিক ৮৪ শতাংশ। ওই অর্থবছরে এডিপির আকার ছিল ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি ২ লাখ টাকা।
এর আগের ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে উন্নয়ন প্রকল্পে ব্যয় হয়েছিল ৯ হাজার ৮৪৩ কোটি ৭১ লাখ টাকা। বাস্তবায়নের হার ছিল ৩ দশমিক ৮৫ শতাংশ। ওই বছরের এডিপির মোট আকার ছিল ২ লাখ ৫৬ হাজার ২৭ কোটি টাকা।
অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে অর্থবছরের শুরুতেই এডিপি বাস্তবায়নের হার ধারাবাহিকভাবে কমেছে। বিশেষ করে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বরাদ্দের তুলনায় ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম। শুধু বাস্তবায়ন হার নয়, প্রকল্প খাতে মোট ব্যয়ের পরিমাণও আগের চার অর্থবছরের একই সময়ের তুলনায় সর্বনিম্ন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

