ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পেল বাংলালিংকের সহযোগী প্রতিষ্ঠান

ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পেল বাংলালিংকের সহযোগী প্রতিষ্ঠান

পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে চূড়ান্ত লাইসেন্স পেল নিও পিএসপি লিমিটেড। এটি বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানটির নামে লাইসেন্স ইস্যু করেছে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে এ বিষয়ে সার্কুলার জারি করে দেশের সব ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেমস অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সার্কুলারে বলা হয়েছে, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন, ২০২৪-এর ধারা ৫(৪) অনুযায়ী প্রতিষ্ঠানটিকে লাইসেন্স দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শর্ত ও বিধিবিধান মেনে প্রতিষ্ঠানটি দেশে বিভিন্ন ধরনের ডিজিটাল পেমেন্ট ও ই-ওয়ালেট সেবা পরিচালনা করতে পারবে।

এই অনুমোদনের ফলে দেশে লাইসেন্সপ্রাপ্ত পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা ই-ওয়ালেট পরিচালনাকারী প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে ১০টিতে দাঁড়িয়েছে।

বর্তমানে লাইসেন্সপ্রাপ্ত অন্যান্য প্রতিষ্ঠান হলো—আইপে সিস্টেমস, ডি মানি বাংলাদেশ, রিকারশন ফিনটেক, গ্রিন অ্যান্ড রেড টেকনোলজিস, প্রগতি সিস্টেমস, এবিজি টেকনোলজিস, ডিজিটাল পেমেন্টস, শেবা ফিনটেক এবং সমাধান সার্ভিসেস।

পিএসপি সেবা সাধারণত ই-ওয়ালেট বা ডিজিটাল ওয়ালেট সেবা হিসেবে পরিচিত। এসব সেবায় হিসাব খোলার মাধ্যমে গ্রাহক তাঁর ব্যাংক হিসাব বা অন্য কোনো মাধ্যমে টাকা এনে অনলাইন কেনাকাটা, পরিষেবা বিল পরিশোধ, টিউশন ফি পরিশোধসহ বিভিন্ন ধরনের লেনদেন করতে পারেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন