আগামী জুলাই থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক

আগামী জুলাই থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক

আগামী জুলাই থেকে ব্যক্তি ও কর্পোরেট আয়করের রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এনবিআর মাল্টিপারপাস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, অনলাইনে রিটার্ন দাখিলে ব্যক্তি করদাতারা যে সব সমস্যার সম্মুখীন হয়েছেন সেসব নিয়ে আমরা শিগগিরিই একটা বৈঠকের আয়োজন করবো এবং সেসব সমস্যা সমাধান করবো। যাতে করে আগামীতে কোনো ধরনের সমস্যা ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করা যায়।

এনবিআর চেয়ারম্যান বলেন, অটোমেশনের বিষয়ে আমরা অগ্রাধিকার দিচ্ছি। এটা স্বীকার করছি, যেভাবে অটোমেশনের কাজ এগিয়ে যাওয়া দরকার ছিল সেভাবে আমরা করতে পারিনি। ১৯৯৩ সালে এনবিআর প্রথম দেশে অটোমেশনের কাজ শুরু করেছিল কিন্তু আমরা নানা কারণে এগোতে পারিনি। এখন আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, আমরা এনবিআরকে জন-বান্ধব ও ব্যবসা-বান্ধব করার চেষ্টা করছি। আগামী বাজেটে ব্যবসা সহজীকরণ করা হবে। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনারা ব্যবসা করুন এবং সরকারকে ট্যাক্স দিন। করদাতার যাতে কোন ধরনের হয়রানি না করা হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি ভালো গন্তব্য কিন্তু আমরা সুযোগকে কাজে লাগাতে পারছি না । আমাদের দেশে ব্যবসার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। নানা ধরনের জটিলতা এবং হয়রানির কারণে বিদেশি বিনিয়োগের পরিমাণ খুবই কম। আমাদের ২ বিলিয়ন ডলারের কম বিনিয়োগ হয়। অথচ এটার পরিমাণ ১০ বিলিয়ন ডলার হতে পারতো। তবে এনবিআর সিঙ্গেল উইন্ডোর সিস্টেমসহ বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে ব্যবসা বাণিজ্য সহজী-করণের পাশাপাশি সময় ও ব্যয়ও কমবে। আগামীতে বাংলাদেশ এর সুফল পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে কাস্টমস স্ট্র্যাটিজিক প্ল্যান ২০২৪-২৮ এর মোড়ক উন্মোচন, এইও সার্টিফিকেট প্রদান এবং ইমপোর্ট হাব নামে একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন