হ্যাকিংয়ে চুরি হওয়া ৯০ শতাংশ ক্ষতিপূরণ দিয়েছে বাইন্যান্স

হ্যাকিংয়ে চুরি হওয়া ৯০ শতাংশ ক্ষতিপূরণ দিয়েছে বাইন্যান্স

হ্যাকিংয়ের ঘটনায় চুরি হওয়া ৬৩০ কোটি ডলার মূল্যের সম্পদের ৯০ শতাংশ ক্ষতিপূরণ দিয়েছে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্ল্যাটফর্ম বাইন্যান্স। রোববার প্ল্যাটফর্মটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

বিজ্ঞাপন

বাইন্যান্স জানিয়েছে, গত বৃহস্পতিবারের ওই হ্যাকিংয়ের ঘটনায় খোয়া যাওয়া সম্পদের ৯০ শতাংশ ইতিমধ্যে ক্ষতিপূরণ হিসেবে ফিরিয়ে দেওয়া হয়েছে। বাকি ১০ শতাংশ ক্ষতিপূরণ দিতে কিছুটা সময় লাগতে পারে। ক্রিপ্টো ইতিহাসের সবচেয়ে বড় এই হ্যাকিংয়ের ঘটনায় শতভাগ ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে শুরু থেকেই প্রতিশ্রুতিবদ্ধ ছিল প্রতিষ্ঠানটি।

শনিবার এক বিবৃতিতে বাইন্যান্স জানায়, চুরি হওয়া অর্থের পুরো আর্থিক দায়ভার তারা বহন করবে এবং ব্যবহারকারীদের ওপর এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। ক্ষতিপূরণ নিশ্চিত করতে কোম্পানির নিজস্ব তহবিল থেকে ৬৩৪ কোটি ডলারের বেশি অর্থ আলাদা করে রাখা হয়েছে।

বাইন্যান্স জানায়, হ্যাকিংয়ের ঘটনার পর তাদের নেটওয়ার্কে ক্রিপ্টো উত্তোলন সাময়িকভাবে স্থগিত করা হলেও তা এখন পুনরায় চালু করা হয়েছে। একই সঙ্গে বিটকয়েন, ইথেরিয়াম ও টেথারসহ সর্বাধিক লেনদেন হওয়া আরও সাতটি ক্রিপ্টো সম্পদের ক্ষেত্রে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে গত শনিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জানিয়েছে, এই বড় সাইবার হামলার পেছনে উত্তর কোরিয়ার হাত রয়েছে। তদন্তকারীদের মতে, হ্যাকাররা চুরি করা সম্পদগুলোকে ইথেরিয়ামে রূপান্তর করেছে। পরবর্তীতে ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স এবং ইনস্ট্যান্ট সোয়াপ সার্ভিসের মাধ্যমে তারা এসব সম্পদ অন্য কোনো রূপে পাচার করতে পারে। এর আগে ২০২৫ সালে ‘বাইবিট’ এক্সচেঞ্জে হওয়া ১৫০ কোটি ডলার চুরির ঘটনাতেও এফবিআই উত্তর কোরিয়াকে দায়ী করেছিল। তবে পিয়ংইয়ং বরাবরই এসব হামলায় নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে।

বাইন্যান্সের প্রাথমিক তদন্তে ধারণা করা হয়েছিল, একজন প্রকৌশলীর ল্যাপটপ হ্যাক হওয়ার কারণে এই চুরির সুযোগ তৈরি হয়েছিল। তবে পরবর্তীতে প্ল্যাটফর্মটির নিরাপত্তা ব্যবস্থায় আরও কিছু দুর্বলতা ধরা পড়ে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা, গোয়েন্দা প্রতিষ্ঠান এবং বিভিন্ন অংশীদারের সঙ্গে যৌথভাবে কাজ করে ইতোমধ্যে চুরি হওয়া সম্পদের প্রায় ৩০০ কোটি ডলার জব্দ করা সম্ভব হয়েছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।

বাইন্যান্সের সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা (কো-সিইও) রিচার্ড টেং জানিয়েছেন, এই হ্যাকিংয়ের পেছনে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। হ্যাকাররা তাদের পরিচয় গোপনের জন্য ‘সেলফ-ডিস্ট্রাক্ট মেকানিজম’-এর মতো অত্যন্ত জটিল প্রযুক্তি ব্যবহার করেছে।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠিত ক্রিপ্টো এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাইন্যান্স বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ডিজিটাল সম্পদ কেনা, বেচা ও লেনদেনের সুযোগ দিয়ে আসছে। বর্তমানে বিশ্বজুড়ে প্ল্যাটফর্মটির কয়েক কোটি গ্রাহক রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন