সর্বজনীন পেনশনের বার্তা তৃণমূলে পৌঁছাতে এনজিওদের সহযোগিতা চায় কর্তৃপক্ষ

সর্বজনীন পেনশনের বার্তা তৃণমূলে পৌঁছাতে এনজিওদের সহযোগিতা চায় কর্তৃপক্ষ

সর্বজনীন পেনশন স্কিমের আওতা বাড়াতে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) সহযোগিতা চায় জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এ লক্ষ্যে এনজিওগুলোর কর্মকর্তা-কর্মচারীদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার পাশাপাশি তাদের মাঠপর্যায়ের কার্যক্রম ও উপকারভোগীদের সঙ্গে যোগাযোগব্যবস্থা কাজে লাগিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান। এতে সভাপতিত্ব করেন এমআরএর ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ড. সুরাতুজ্জামান সর্বজনীন পেনশন ব্যবস্থাকে নাগরিকের দীর্ঘমেয়াদি আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিতের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি এনজিওগুলোর নিজস্ব কর্মকর্তা-কর্মচারীদের এ স্কিমে নিবন্ধনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এনজিওগুলোর বিস্তৃত কর্মপরিধি, মাঠপর্যায়ের কার্যক্রম এবং উপকারভোগীদের সঙ্গে বিদ্যমান যোগাযোগব্যবস্থা কাজে লাগিয়ে সাধারণ মানুষকে পেনশন স্কিমে অংশ নিতে উদ্বুদ্ধ করার অনুরোধ করেন।

তিনি বলেন, এনজিওগুলো দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে। তাই তাদের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে সর্বজনীন পেনশন ব্যবস্থার বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া সম্ভব। এতে আরও বেশি মানুষকে এ ব্যবস্থার আওতায় আনা যাবে।

সভায় দেশের অর্ধশতাধিক বড় এনজিওর প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া অর্থ বিভাগ, জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সর্বজনীন পেনশন স্কিমের কার্যক্রম, নিবন্ধনপ্রক্রিয়া, বিভিন্ন স্কিমের বৈশিষ্ট্য এবং এনজিওগুলোর মাধ্যমে তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারী এনজিও প্রতিনিধিরা এ বিষয়ে নিজেদের মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন অংশগ্রহণকারী অতিথি ও প্রতিনিধিদের ধন্যবাদ জানান। সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রসার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় স্বাগত বক্তব্য দেন এমআরএর পরিচালক আব্দুল মান্নান। এ ছাড়া জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য শেখ কামরুল হাসান বক্তব্য দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন