চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘সরকারের ভিসি’ হিসেবে অভিহিত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নিতে রাজি নন শিক্ষার্থীরা। তাঁর অনুপস্থিতিতে অন্য একজন অধ্যাপককে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়ার প্রতিবাদে সোমবার এক দিনের শাটডাউন কর্মসূচি পালন করেছেন তাঁরা। এদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বর্জন করেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের ভাষ্য, বর্তমান উপাচার্য কিংবা তাঁর পক্ষে অন্য কেউ ক্যাম্পাসের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে হস্তক্ষেপ করলেই তাঁরা তা প্রতিহত করবেন। এ ধরনের সিদ্ধান্ত অব্যাহত থাকলে আবারও শাটডাউনসহ কঠোর আন্দোলনে যাবেন তাঁরা।
জানা গেছে, রোববার উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের অনুপস্থিতিতে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে রুটিন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব দেওয়া হয়। ইউজিসির একটি সভায় অংশ নিতে ঢাকায় যাওয়ায় ১ নভেম্বর বিকেল থেকে ২ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল। শিক্ষার্থীদের আপত্তি এই সিদ্ধান্তেই।
মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী অর্নব বলেন, ‘আজ আমরা শাটডাউন কর্মসূচি পালন করছি। আমাদের পূর্বঘোষিত অবস্থান উপেক্ষা করে প্রশাসনের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদেই এই কর্মসূচি। চুয়েটের বিষয়ে ভিসি নাগ গলালে আবারও শাটডাউনের মতো কর্মসূচি দেওয়া হবে।’
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতিতে যোগ দেন। দীর্ঘ ৩৬ দিন পর গত বুধবার আংশিকভাবে ক্লাস কার্যক্রম শুরু হলেও উপাচার্য পরিবর্তনের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

