শিক্ষকদের আরও দক্ষ করে গড়ে তুলতে আধুনিক প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন। তিনি বলেছেন, দক্ষ ও মেধাবী শিক্ষকরাই কেবল একটি উন্নত ও আলোকিত আগামীর বাংলাদেশ গড়তে পারেন। এজন্য নায়েমকে (জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি) অত্যাধুনিক প্রযুক্তিভিক্তিক শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ‘২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে’র সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির প্রভাবে পুরো শিক্ষাব্যবস্থা দ্রুত বদলে যাচ্ছে। এআই-কে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে আমরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ব। তাই শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-এর বিষয়টি গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া আমাদের অনেক শিক্ষক এখনও প্রয়োজনীয় প্রশিক্ষণ পাননি, তাদের দ্রুত প্রশিক্ষণের আওতায় আনতে হবে।
অন্যান্য পেশার সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘বিসিএস ক্যাডাররা কিংবা সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা ক্যাডার হওয়ার সঙ্গে সঙ্গেই প্রশিক্ষণ গ্রহণ করেন এবং প্রশিক্ষণ শেষে কর্মস্থলে যোগ দেন। কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে কোনো প্রাতিষ্ঠানিক ওরিয়েন্টেশন বা বুনিয়াদি প্রশিক্ষণ ছাড়াই সরাসরি কর্মজীবনে প্রবেশ করতে হয়।’
উচ্চশিক্ষার মানের বিষয়ে আলোকপাত করে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা কেবল এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে নানা কথা বলি; কিন্তু ডিগ্রি, অনার্স কিংবা মাস্টার্স পর্যায়ের শিক্ষা নিয়ে সেভাবে আলোচনা করি না। কারণ আমরা ধরে নিই যে শিক্ষার্থীরা নিজে নিজেই সব শিখে নেবে। কিন্তু সেখানে শিক্ষার প্রকৃত মান বা কোয়ালিটি বজায় আছে কি না, তা আমাদের গভীরভাবে খতিয়ে দেখতে হবে।’
অনুষ্ঠানের শুরুতে শিক্ষামন্ত্রী প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রশিক্ষণের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজ নেন। পরে তিনি প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা কৃতিত্ব অর্জনকারী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েমের পরিচালক প্রফেসর প্রিম রিজভী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


