আমদানিতে সুদের ঝুঁকি মোকাবিলায় ফরওয়ার্ড রেট চুক্তির অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার

আমদানিতে সুদের ঝুঁকি মোকাবিলায় ফরওয়ার্ড রেট চুক্তির অনুমোদন
ছবি: সংগৃহীত

আমদানি বাণিজ্যে সুদের হার ওঠানামাজনিত ঝুঁকি কমাতে ফরওয়ার্ড রেট চুক্তি চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরবরাহকারী (সাপ্লায়ার্স ক্রেডিট) ও ক্রেতা ঋণের (বায়ার্স ক্রেডিট) আওতায় ইউজেন্স আমদানির ক্ষেত্রে এ সুবিধা পাওয়া যাবে। বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন

এতে বলা হয়, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশি মুদ্রায় আমদানি ঋণ গ্রহণকারীদের সঙ্গে ফরওয়ার্ড রেট চুক্তি করতে পারবে। আন্তর্জাতিক মানদণ্ডভিত্তিক সুদের হার, বিশেষ করে SOFR (সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট)-এর ওঠানামা থেকে আমদানিকারকদের সুরক্ষা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফরওয়ার্ড রেট চুক্তি কেবল ঝুঁকি ব্যবস্থাপনার উদ্দেশ্যে ব্যবহার করা যাবে। এটি অবশ্যই প্রকৃত আমদানি লেনদেনের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। কোনো ধরনের ফটকাবাজি বা অরক্ষিত অবস্থান গ্রহণের সুযোগ থাকবে না। এ ব্যবস্থার আওতায় ভবিষ্যতের জন্য একটি নির্দিষ্ট সুদের হার আগেই নির্ধারণ করা যাবে। পরে চুক্তিতে নির্ধারিত হার ও প্রচলিত বেঞ্চমার্ক সুদের হারের পার্থক্যের ভিত্তিতে নিষ্পত্তি করা হবে।

ব্যাংকগুলোর জন্যও কয়েকটি শর্ত আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, ফরওয়ার্ড রেট চুক্তি থেকে সৃষ্ট ঝুঁকি একই কার্যদিবসে সমপরিমাণ বিপরীতমুখী লেনদেনের মাধ্যমে পুরোপুরি সমন্বয় করতে হবে। ফলে ব্যাংক নিজস্ব হিসাবে কোনো বাজারঝুঁকি বহন করতে পারবে না। এ ছাড়া এ ধরনের চুক্তির মূল্য নির্ধারণে ব্যাংকের মার্জিন সর্বোচ্চ ১০ বেসিস পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে কোনো ব্যাংকের মোট ফরওয়ার্ড রেট চুক্তির পরিমাণ গত ১২ মাসের গড় মাসিক বৈদেশিক মুদ্রা প্রবাহের ২৫ শতাংশের বেশি হতে পারবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক মানসম্মত চুক্তি কাঠামো অনুসরণ, প্রতিদিন বাজারমূল্যে চুক্তির মূল্যায়ন (মার্ক-টু-মার্কেট), কার্যকর অভ্যন্তরীণ ঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ করতে হবে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নিষ্পত্তির প্রয়োজন হলে তা প্রচলিত বাজারদরে করতে হবে।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নতুন এ ব্যবস্থা আমদানিকারকদের সুদের হারজনিত অনিশ্চয়তা কমাতে সহায়তা করবে। একই সঙ্গে নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে দেশের আর্থিক ডেরিভেটিভস বাজারের বিকাশেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...