জুনে রপ্তানি আয় বেড়েছে ২৫.৯১ শতাংশ

স্টাফ রিপোর্টার

জুনে রপ্তানি আয় বেড়েছে ২৫.৯১ শতাংশ

সদ্য সমাপ্ত জুন মাসে দেশের পণ্য রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। তবে অর্থবছরের প্রথম ১১ মাসের দুর্বল প্রবণতার কারণে ২০২৫-২৬ অর্থবছর শেষে মোট রপ্তানি আয় আগের অর্থবছরের তুলনায় শূন্য দশমিক ৫৮ শতাংশ কমেছে।

বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত হালনাগাদ সাময়িক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুনে বাংলাদেশ ৪২০ কোটি ২৬ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে। আগের বছরের একই মাসে এ আয় ছিল ৩৩৩ কোটি ৭৯ লাখ ডলার। এক মাসের ব্যবধানে শক্তিশালী এ প্রবৃদ্ধি রপ্তানি খাতে নতুন আশার সঞ্চার করেছে।

রপ্তানি আয়ের সবচেয়ে বড় উৎস তৈরি পোশাক খাতও জুনে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। এ খাত থেকে আয় হয়েছে ৩৩৮ কোটি ৭৭ লাখ ডলার, যা এক বছর আগের একই সময়ের ২৭৮ কোটি ৭৭ লাখ ডলারের তুলনায় ২১ দশমিক ৫২ শতাংশ বেশি।

তৈরি পোশাকের মধ্যে নিটওয়্যার রপ্তানি থেকে এসেছে ১৮৪ কোটি ১ লাখ ডলার। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৪৯ শতাংশ। অন্যদিকে ওভেন পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১৫৪ কোটি ৭৫ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ২ শতাংশ বেশি।

জুন মাসে পোশাকের পাশাপাশি আরও কয়েকটি খাতেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। হোম টেক্সটাইল রপ্তানি ৫৯ দশমিক ৯৫ শতাংশ বেড়ে ৭ কোটি ৫১ লাখ ডলারে পৌঁছেছে। চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি ৪৭ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২ কোটি ৮৮ লাখ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে কৃষিপণ্য থেকে আয় হয়েছে ৮ কোটি ৯৬ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ৪৬ দশমিক ৭৭ শতাংশ বেশি। ২০২৫ সালের জুনে এ খাতের রপ্তানি আয় ছিল ৬ কোটি ১০ লাখ ডলার।

তবে একক মাসের ইতিবাচক প্রবৃদ্ধি পুরো অর্থবছরের চিত্র পাল্টাতে পারেনি। ইপিবির হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে তৈরি পোশাক, ওষুধ, চামড়াসহ ২৭টি প্রধান পণ্য খাত থেকে মোট রপ্তানি হয়েছে ৪ হাজার ৮০০ কোটি ১৯ লাখ মার্কিন ডলারের পণ্য। ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় এ আয় কমেছে শূন্য দশমিক ৫৮ শতাংশ।

সংশ্লিষ্টরা মনে করছেন, জুনের শক্তিশালী রপ্তানি প্রবৃদ্ধি নতুন অর্থবছরের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। তবে বৈশ্বিক বাজারে চাহিদার অনিশ্চয়তা, ভূরাজনৈতিক অস্থিরতা এবং ক্রমবর্ধমান প্রতিযোগিতার চ্যালেঞ্জ মোকাবিলা করেই রপ্তানি খাতকে টেকসই প্রবৃদ্ধির ধারায় ফিরিয়ে আনতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...