অর্থপাচার ঠেকাতে সরকারি-বেসরকারি খাতের সমন্বয়ে বিএফআইইউর কমিটি

অর্থপাচার ঠেকাতে সরকারি-বেসরকারি খাতের সমন্বয়ে বিএফআইইউর কমিটি
ফাইল ছবি

বাণিজ্যের আড়ালে অর্থপাচার (ট্রেড বেজড মানি লন্ডারিং বা টিবিএমএল) ঠেকাতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে একটি স্টিয়ারিং কমিটি গঠন করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। অর্থপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, তথ্য বিনিময় ও ঝুঁকি শনাক্তকরণে এ কমিটি কাজ করবে।

বিজ্ঞাপন

গত রোববার বিএফআইইউর উদ্যোগে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি স্টেকহোল্ডারদের বৈঠক করেছে বিএফআইইউ। সভায় টিবিএমএল প্রতিরোধে বিদ্যমান চ্যালেঞ্জ, ঝুঁকি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়। সোমবার বিএফআইইউ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ ও ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিরেক্টরেট (সিআইআইডি), ঢাকা কাস্টমস হাউস, দুর্নীতি দমন কমিশন (দুদক), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং ঢাকা মহানগর পুলিশের প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ১৫টি তফসিলি ব্যাংকের প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।

বিএফআইইউর বিজ্ঞপ্তিতে বলা হয়, টিবিএমএল প্রতিরোধে একটি সমন্বিত কাঠামোর আওতায় সরকারি ও বেসরকারি খাতের অংশীজনদের সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। এর অংশ হিসেবে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের আওতায় একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। কমিটি টিবিএমএল-সংক্রান্ত বিদ্যমান ঝুঁকি ও চ্যালেঞ্জ পর্যালোচনা, গৃহীত কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন, তথ্য বিনিময় ব্যবস্থা শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে কাজ করবে। পাশাপাশি নিয়মিত সভার মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম পর্যালোচনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে।

বিএফআইইউ বলেছে, বাণিজ্যভিত্তিক মানি লন্ডারিং একটি জটিল, আন্তঃপ্রাতিষ্ঠানিক ও আন্তর্জাতিক প্রকৃতির আর্থিক অপরাধ। সময়ের সঙ্গে এ ধরনের অপরাধের পদ্ধতি ও কৌশল পরিবর্তিত হচ্ছে। ফলে তা কার্যকরভাবে শনাক্ত ও প্রতিরোধে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বিত উদ্যোগ, কার্যকর তথ্য বিনিময় ব্যবস্থা এবং শক্তিশালী ঝুঁকি বিশ্লেষণ কাঠামো প্রয়োজন।

এ ধরনের অপরাধ মোকাবিলায় নিয়ন্ত্রক সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা, তফসিলি ব্যাংক, কাস্টমস কর্তৃপক্ষ এবং বেসরকারি খাতের মধ্যে নিবিড় সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই কমিটি সম্ভাব্য সন্দেহজনক কার্যক্রম পর্যবেক্ষণ, তথ্য বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট তদন্ত কার্যক্রমকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে বিএফআইইউ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন