গাজীপুরের টঙ্গীতে পাগাড় ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেড কারখানা এলাকায় ত্রাস সৃষ্টি ও চাঁদাবাজির মামলায় বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে টঙ্গীর মিরাশপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বিল্লাল হোসেন সানি (৪৫) টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি ওই এলাকার মো. ওমর আলীর ছেলে।
পুলিশ জানায়, ২৮ জুন দুপুরে টঙ্গীর পাগাড় এলাকায় দেশীয় অস্ত্রসহ শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়ে ত্রাস সৃষ্টি ও চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়। ওই মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ দেখে বিল্লাল হোসেন সানিকে শনাক্ত করা হয়। পরে মঙ্গলবার মধ্যরাতে মিরাশপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, দুপুরে গ্রেপ্তার বিএনপি নেতা বিল্লাল হোসেন সানিকে থানা থেকে আদালতে পাঠানোর সময় ভিডিও ধারণ করতে গেলে পুলিশের উপস্থিতিতে সাংবাদিকদের ওপর হামলা চালান সানির অনুসারীরা। পরে এ ঘটনায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, গ্রেপ্তার বিএনপি নেতাকে গাজীপুরের আদালতে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আসামির ছবি তোলাকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে উপস্থিত নেতারা সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

