আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার

ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
ফাইল ছবি

ক্রেডিট কার্ডের ঋণ সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ক্রেডিট কার্ডের বিপরীতে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে, আগে যা ছিল সর্বোচ্চ ২৫ লাখ টাকা। এছাড়া বিনা জামানতে ক্রেডিট কার্ডের বিপরীতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, আগে যা ছিল সর্বোচ্চ ১০ লাখ টাকা।

রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি গাইডলাইন জারি করেছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, বাংলাদেশে পণ্য ও সেবা ক্রয়ের ক্ষেত্রে অর্থ পরিশোধের মাধ্যম হিসেবে ক্রেডিট কার্ডের ব্যবহার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। সুবিধাজনক ব্যবহার, উন্নত নিরাপত্তা ব্যবস্থা, ইলেকট্রনিক পয়েন্ট অব সেল (পিওএস) টার্মিনালের সংখ্যা বৃদ্ধি এবং ক্রেডিট কার্ড ইস্যুকারীদের দেওয়া বিভিন্ন প্রণোদনা—এসব কারণ এই প্রবৃদ্ধিতে অবদান রেখেছে। ডিজিটাল লেনদেন সহজতর করতে ক্রেডিট কার্ডের গুরুত্ব বিবেচনায়, নিরাপদ, সুরক্ষিত ও কার্যকর ক্রেডিট কার্ড কার্যক্রম নিশ্চিত করতে একটি সমন্বিত কাঠামো প্রতিষ্ঠা করা প্রয়োজন।

এছাড়া আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা, ভোক্তাদের অধিকার সুরক্ষা করা এবং নগদবিহীন লেনদেন উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ক্রেডিট কার্ড কার্যক্রম সংক্রান্ত এসব হালনাগাদ নির্দেশিকা জারি করছে। এই নির্দেশিকাগুলো ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালী করা, দায়িত্বশীল ঋণ প্রদান উৎসাহিত করা এবং ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের মধ্যে আর্থিক শৃঙ্খলা বৃদ্ধি করার জন্য বিভিন্ন নিয়ন্ত্রক ব্যবস্থা নির্ধারণ করেছে।

একাধিক ব্যাংকের কার্ড বিভাগের কর্মকর্তারা বলছেন, এর ফলে কার্ড বিভাগের ঋণ বেড়ে যাবে। যার ফলে ব্যাংকের মুনাফা বাড়বে। তবে ঋণসীমা বাড়ায় ঝুঁকিও কিছুটা বেড়ে যাবে।

জানা গেছে, ক্রেডিট কার্ডের বিপরীতে ঋণের ক্ষেত্রে যাচাই–বাছাইয়ের ঝামেলা কম। তাই কম সময়ের মধ্যে এ ঋণ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন