ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষার সুযোগ বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণের মতো সহায়তা তাদের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আনবে।
শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ হলরুমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও সদস্যদের মধ্যে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় এসব সহায়তা দেওয়া হয়।
মন্ত্রী ফকির মাহবুব বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের জন্য শিক্ষার সুযোগ বাড়াতে সরকারের বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। ফলে উপকারভোগীরা নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের আয়েও অবদান রাখতে পারবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ, অধ্যক্ষ আব্দুল আজিজসহ অন্যরা।
পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও উপকারভোগীদের মধ্যে শিক্ষা বৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন পর্যায়ের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

