সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাইম হোসেন (৬) নামের এক শিশুকে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অপর আসামি লাইলী খাতুনকে ২ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এ রায় প্রদান করেন। এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) গোলাম সরোয়ার শফিক এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভায়ড়া গ্রামের মোক্তার সরকারের ছেলে আল-আমিন এবং সলঙ্গা থানার আংগারু গ্রামের লোকমান হোসেনের ছেলে নাসির উদ্দীন।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১১ সালের ২৫ নভেম্বর দুপুরে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলা করছিল শিশু ছাইম। এরপর থেকে সে নিখোঁজ ছিল। তার সন্ধানে এলাকায় মাইকিং করা হয়। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ২৭ নভেম্বর সকালে স্থানীয় একটি পুকুরে শিশু ছাইমের হাত-পা বাঁধা লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন। এ ঘটনায় নিহত শিশুর দাদা আলীম উদ্দিন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-3c8e26.jpg)