ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়েছে। ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ও বোর্ডের এক্সিকিউটিভ কমিটির সদস্য মো. আব্দুল জলিলকে পরিচালনা পর্ষদ থেকে প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। তাঁর জায়গায় নতুন পরিচালক হিসেবে এস. এম. আব্দুল হামিদ, এফসিএ-কে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ সোমবার কেন্দ্রীয় ব্যাংক এ পরিবর্তন এনে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর একটি চিঠি দিয়েছে বলে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংক সূত্রে জানা গেছে।
মো. আব্দুল জলিলকে ২০২৪ সালের ২২ আগস্ট বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের একজন স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল। সে সময় কেন্দ্রীয় ব্যাংক পূর্ববর্তী বোর্ড ভেঙে দিয়ে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়ে নতুন বোর্ড গঠন করে।
নতুন নিয়োগপ্রাপ্ত পরিচালক এস. এম. আব্দুল হামিদ, এফসিএ একজন অভিজ্ঞ ব্যাংকার ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) থেকে ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। এছাড়া তিনি এমবিএ (ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং) ডিগ্রি অর্জন করেছেন এবং ২০১২ সালে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং খাতে ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ লাভ করেন।
দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি আইএফআইসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি অপারেশন, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স এবং মানি লন্ডারিং প্রতিরোধ (ক্যামেলকো)–সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রিমিয়ার ব্যাংক এবং সিটিজেনস ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন।
বর্তমানে তিনি ইসলাম জাহিদ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস প্রতিষ্ঠানের পার্টনার হিসেবে কর্মরত আছেন।
বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের মাধ্যমে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে আবারও পরিবর্তন এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকটির সুশাসন ও আর্থিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

