শ্রীমঙ্গলে বিরতিহীন বাস না থামায় যাত্রীদের ভোগান্তি

শ্রীমঙ্গলে বিরতিহীন বাস না থামায় যাত্রীদের ভোগান্তি
হবিগঞ্জ-সিলেট রুটে বিরতিহীন বাস।

হবিগঞ্জ-সিলেট রুটে চলাচলকারী ‘বিরতিহীন’ বাস মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রাবিরতি না দেওয়ায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। তাই দ্রুত শ্রীমঙ্গলে ‘বিরতিহীন’ বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাস মালিকদের মধ্যে এই রুটে নতুন বাস চলাচলকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। পরে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত ১২ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসনের উদ্যোগে দুই জেলার বাস মালিক সমিতির প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে চলাচলকারী ‘বিরতিহীন’ বাস সার্ভিসটি শ্রীমঙ্গলে যাত্রাবিরতি করবে না। সেই সিদ্ধান্ত অনুযায়ী, গত ১৪ জুন থেকে বাসটির যাত্রাবিরতি বন্ধ রয়েছে।

শ্রীমঙ্গলের একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুভাষ ভট্টাচার্য বলেন, ‘আমার বাড়ি বাহুবল উপজেলার তুঙ্গেশ্বর গ্রামে। ২০ বছরের বেশি সময় ধরে শ্রীমঙ্গলের একটি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করছি। বিরতিহীন বাসের যাত্রাবিরতি বন্ধ থাকায় এখন লোকাল বাসে যাতায়াত করতে হয়। সময় বেশি লাগছে, নির্ধারিত সময়ে স্কুলে পৌঁছানোও কষ্টকর হয়ে পড়েছে। তাই বাসটির শ্রীমঙ্গলে যাত্রাবিরতি পুনর্বহালের দাবি জানাই।’

শ্রীমঙ্গল সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রিপন মিয়া বলেন, ‘আগে প্রতিদিন মিরপুর থেকে বিরতিহীন বাসে উঠে শ্রীমঙ্গলে যেতাম। এখন বাসটি শ্রীমঙ্গলে না থামায় অটোরিকশায় যাতায়াত করতে হচ্ছে। এতে সময় ও টাকা দুটোই বেশি লাগছে। ফলে প্রতিদিন কলেজে যাওয়া সম্ভব হচ্ছে না। আমি কর্তৃপক্ষের কাছে বাসটির শ্রীমঙ্গলে যাত্রাবিরতি পুনর্বহালের দাবি জানাই।’

বিরতিহীন বাসের বাহুবল-মিরপুর আঞ্চলিক অফিসের সুপারভাইজার সমুজ আলী বলেন, মিরপুর থেকে প্রতিদিন অনেক যাত্রী শ্রীমঙ্গলে যাতায়াত করেন। বাসটি শ্রীমঙ্গলে না থামায় তাদের ভোগান্তি বেড়েছে। বিকল্প পথে যাতায়াত করতে গিয়ে সময় ও অর্থ দুটিই বেশি খরচ হচ্ছে।

হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজ বলেন, দুই জেলার বাস মালিক সমিতির বিরোধ নিরসনে বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রশাসনিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে মৌলভীবাজার জেলা বাস মালিক সমিতি যদি হবিগঞ্জের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবে সম্মত হয়, তাহলে বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।

হবিগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, এই রুটে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। বিশেষ করে শ্রীমঙ্গলে পরিবহনের ওয়ার্কশপ, বড় পাইকারি বাজার ও পর্যটনকেন্দ্র থাকায় অনেক চাকরিজীবী ও শিক্ষার্থী প্রতিদিন সকালে শ্রীমঙ্গলে গিয়ে বিকেলে হবিগঞ্জে ফেরেন। ‘বিরতিহীন’ বাসের যাত্রাবিরতি বন্ধ রাখায় বৈষম্য সৃষ্টি হয়েছে এবং জনদুর্ভোগ বেড়েছে। জনসাধারণের কথা বিবেচনা করে দ্রুত শ্রীমঙ্গলে ‘বিরতিহীন’ বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি জানান তিনি।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন