ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সৎ চরিত্র, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় বক্তারা।
শনিবার পীরগাছা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পীরগাছা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল। তিনি কৃতি শিক্ষার্থীদের অর্জিত অনন্য মেধা ও যোগ্যতাকে ভবিষ্যৎ বাংলাদেশ ও সমাজের কল্যাণে নিয়োজিত করার আহ্বান জানান। একই সঙ্গে আগামী দিনের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
জকসুর নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল ফারুক বলেন, শিক্ষার্থীদের অর্জিত মেধা ও যোগ্যতার সঠিক মূল্যায়ন প্রয়োজন। সেই মেধা ও যোগ্যতাকে দেশের মানুষের সেবায় কাজে লাগাতে হবে। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
রংপুর জেলা ছাত্রশিবির সভাপতি হামিদুর রহমান শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, শুধু ভালো ফলাফল করাই যথেষ্ট নয়; এর পাশাপাশি সততা, নৈতিকতা ও মানবিক গুণাবলিসম্পন্ন প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সভাপতি আব্দুর রাকিব মুরাদ কৃতি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের জন্য শুভকামনা জানান। তিনি উচ্চশিক্ষার মাধ্যমে নিজেদের আরও যোগ্য করে তুলে রাষ্ট্র ও সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার পরামর্শ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগাছা সদর থানা সভাপতি রবিউল ইসলাম। তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সমাজ গঠনে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে পীরগাছা উপজেলায় মেধাভিত্তিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে শিক্ষার্থীদের সার্বিক অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
পীরগাছা সদর থানা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে এবং সদর থানা উত্তর সভাপতি আব্দুল কাদের আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি জহির উদ্দিন জুয়েল, জকসুর সদস্য আব্দুল্লাহ আল ফারুক, জেলা ছাত্রশিবিরের সভাপতি হামিদুর রহমান, সাবেক সেক্রেটারি আসাদুজ্জামান শিমুল, অর্থ সম্পাদক আহমেদ ফয়সাল, সমাজসেবা সম্পাদক সেলিম আহমেদ এবং বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাকিব মুরাদ। আরও উপস্থিত ছিলেন পীরগাছা সদর থানা ছাত্রশিবিরের সেক্রেটারি রাফিকুল ইসলাম বুলবুল, দক্ষিণ থানা সভাপতি ফকির আব্দুর রহিম, দক্ষিণ থানা সেক্রেটারি আব্দুল আজিজ, উত্তর থানা সেক্রেটারি আরাফাত হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, কৃতি শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এডি/হামিদুর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


