শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার উদ্বোধন

শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার উদ্বোধন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের দেশপ্রেম ও আত্মত্যাগের চেতনাকে ধারণ করে জ্ঞানভিত্তিক ও সচেতন সমাজ গঠনের লক্ষ্যে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদ স্মৃতি কমিউনিটি পাঠাগার উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার দুপুরে উপজেলার জাফরপাড়া এলাকায় নবনির্মিত পাঠাগারটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা এবং পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন।

প্রধান অতিথি ড. হোসেন জিল্লুর রহমান বলেন, 'মাদক থেকে দূরে রাখতে এবং তরুণ প্রজন্মকে জ্ঞানচর্চায় সম্পৃক্ত করতে এ ধরনের পাঠাগারের প্রয়োজন রয়েছে। প্রত্যন্ত এলাকায় পাঠাগার গড়ে উঠলে শিক্ষার্থীদের বই পড়ার সুযোগ বাড়বে এবং একটি সচেতন প্রজন্ম তৈরি হবে।'

তিনি আরো বলেন, 'শহীদ আবু সাঈদের নাম ও তার আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। তার স্মৃতি ধরে রেখে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলাই আমাদের প্রত্যাশা।'

শহীদ আবু সাঈদ স্মৃতি কমিউনিটি পাঠাগারের পরিচালক রুহুল আমিন বলেন, 'প্রত্যন্ত অঞ্চলে আমরা এই পাঠাগারের কার্যক্রম ধরে রাখতে চাই। শিক্ষার্থীরা যাতে অবসর সময়ে এখানে এসে পড়ালেখা করতে পারে, সেটিই আমাদের লক্ষ্য। শিক্ষার্থীরা পাঠাগারে এসে বই পড়লে মাদক থেকেও দূরে থাকবে।'

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন