অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে নরসিংদীর মাধবদীতে পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জোনাল অফিস ঘেরাও করেছেন স্থানীয়রা। এ সময় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন টেক্সটাইল কারখানার কয়েক হাজার শ্রমিক।
রোববার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা মাধবদী পল্লী বিদ্যুৎ অফিসের সামনের সড়কে অবস্থান নেন স্থানীয় টেক্সটাইল শ্রমিকেরা। এতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী বাসস্ট্যান্ডের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ।
এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাধবদী থানা-পুলিশ, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান। আগামী সাত দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দেওয়ার পর শ্রমিকেরা কর্মক্ষেত্রে ফিরে যান এবং মহাসড়কে যান চলাচল শুরু হয়।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে স্থানীয় শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে শ্রমিকদের আয়-রোজগারও কমে যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে আয় কমে গেলে পরিবার নিয়ে বাসাভাড়াসহ না খেয়ে মরতে হবে। তারা নরসিংদী ও মাধবদী শিল্প এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।
রতন মিয়া নামের এক টেক্সটাইল শ্রমিক জানান, 'লোডশেডিংয়ের কারণে ঠিকমতো কাপড় উৎপাদন করতে পারছি না। ফলে আমাদের বেতনও ঠিকঠাকমতো পাচ্ছি না। এভাবে চললে আমাদের পথে বসা ছাড়া উপায় থাকবে না। তাই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানাচ্ছি।'
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মহসিন কবির জানান, লোডশেডিং একটি জাতীয় সমস্যা। আমরা ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখছি না। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আগামী এক সপ্তাহের মধ্যে মাধবদী এলাকায় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হবে।
এ সময় নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে কথা বলেন।
মাধবদী থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, স্থানীয় কয়েকটি কারখানার শ্রমিক একত্র হয়ে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেন। পরে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন। কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করা হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

