আজ ৯ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৮ সালের ৯ সেপ্টেম্বর প্রতিষ্ঠার পর এখনো শাসনব্যবস্থার পতন হয়নি, রাজনৈতিক ব্যবস্থা টিকে আছে প্রায় একইভাবে। একটি পরিবারের বাইরে যায়নি উত্তর কোরিয়ার ক্ষমতা। প্রথমে কিম ইল–সুং, পরে তার ছেলে কিম জং–ইল এবং এখন নাতি কিম জং–উন—তিন প্রজন্ম ধরে উত্তর কোরিয়া শাসন করছে কিম পরিবার।
উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা এবং প্রথম নেতা কিম ইল–সুং। তিনি ১৯৪৮ থেকে ১৯৯৪ সালে মৃত্যুর আগপর্যন্ত দেশটি শাসন করেন। ১৯৯৪ সালে কিম ইল–সুংয়ের মৃত্যুর পর প্রথমবারের মতো উত্তর কোরিয়ায় পিতা থেকে ছেলের হাতে ক্ষমতা যায়। কিম জং–ইল ২০১১ সালের ডিসেম্বরে মারা যান। এরপর তার ছেলে কিম জং–উন ক্ষমতায় আসেন।
১৯১০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত কোরীয় উপদ্বীপ জাপানের অধীন ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর কোরিয়াকে সাময়িকভাবে দুই ভাগে ভাগ করে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। ১৯৪৮ সালে দুই অংশে দুটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
তথ্যসূত্র: রয়টার্স ও আল জাজিরা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


