বিএসইসির নির্দেশনা জারি

এসএমই প্লাটফর্মে ট্রেডিংয়ে নূন্যতম ৩০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে

অর্থনৈতিক রিপোর্টার

এসএমই প্লাটফর্মে ট্রেডিংয়ে নূন্যতম ৩০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্টক এক্সচেঞ্জের এস্এমই প্ল্যাটফর্মে ট্রেডিং এবং কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, প্রতিষ্ঠান বা ব্যক্তি যেকোনো বিনিয়োগকারীর তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজারমূল্যে বা ক্রয়মূল্যে (যেটি বেশি) ন্যূনতম ৩০ লক্ষ টাকা বিনিয়োগ থাকলে তিনি এসএমই প্ল্যাটফর্মে ট্রেডিংয়ের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। বাংলাদেশে নিবন্ধিত সিকিউরিটিজ কাস্টোডিয়ানের কাছে অ্যাকাউন্ট আছে এমন যেকোনো বিদেশি বিনিয়োগকারী এসএমই প্ল্যাটফর্মে ট্রেডিং করতে পারবেন।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের স্বাক্ষরিত এ নির্দেশনা জারী করা হয়। নির্দেশনায় ব্যক্তি বিনিয়োগকারী ব্যতীত অন্যান্য বিনিয়োগকারীদের কিউআইওতে আবেদনের যোগ্যতা হিসাবেও ন্যূনতম ৩০ লক্ষ টাকা বিনিয়োগ শর্তারোপ করা হয়েছে। ব্যক্তিগত বিনিয়োগকারী ( নিবাসী বা অনিবাসী) বাংলাদেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রে আবেদনের সময় বাজারমূল্যে বা ক্রয়মূল্যে ন্যূনতম ১০ লক্ষ টাকা বিনিয়োগ থাকলে তারা কিউআইওতে আবেদনের যোগ্য হবেন। অপরদিকে বাংলাদেশে নিবন্ধিত সিকিউরিটিজ কাস্টোডিয়ানের মাধ্যমে অ্যাকাউন্ট থাকলে বিদেশি বিনিয়োগকারী এতে আবেদনের জন্য যোগ্য হবেন।

বিজ্ঞাপন

রেজিস্ট্রেশন এবং ডাটাবেজ ব্যবস্থাপনা: সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) বা ডিপি (ডিপি)-রা ত্রৈমাসিক ভিত্তিতে যোগ্য বিনিয়োগকারীদের তথ্য স্টক এক্সচেঞ্জকে প্রদান করবে। এর ভিত্তিতে স্টক এক্সচেঞ্জ স্বয়ংক্রিয়ভাবে যোগ্য বিনিয়োগকারীদের তালিকা আপডেট করবে। অপরদিকে স্টক এক্সচেঞ্জগুলো কিউআইও সাবস্ক্রিপশন এবং এসএমই প্ল্যাটফর্মে ট্রেডিংয়ের জন্য পৃথক দুটি রেজিস্টার বা তালিকা সংরক্ষণ করবে এবং বিনিয়োগকারীদের জন্য বিনামূল্যে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, যদি কোনো বিনিয়োগকারীর কাছে এসএমই প্ল্যাটফর্মের শেয়ার থাকে কিন্তু তার বিনিয়োগের পরিমাণ নির্দেশিত ন্যূনতম সীমার (৩০ লক্ষ টাকা) নিচে হয়, তবে তিনি বিক্রয় করতে পারবেন কিন্তু নতুন করে শেয়ার কিনতে পারবেন না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন