আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশ ব্যাংকের গভর্নর

নগদকে ব্যক্তি খাতে ছাড়ার সিদ্ধান্ত নেবে নতুন সরকার

অর্থনৈতিক রিপোর্টার

নগদকে ব্যক্তি খাতে ছাড়ার সিদ্ধান্ত নেবে নতুন সরকার

দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবা ‘নগদ’কে ব্যক্তি খাতে দেওয়া হবে কি না, তা নতুন সরকারের নীতির ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন আহসান এইচ মনসুর। সরকারের চূড়ান্ত নীতি জানা গেলে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

মঙ্গলবার দুপুর ১২টায় বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। সদ্য বিদায়ি অ0ন্তর্বর্তী সরকারের সময় থেকে নগদে বিদেশি বিনিয়োগ আনার বিষয়ে চলমান আলোচনার ধারাবাহিকতায় গভর্নরের সঙ্গে এ বৈঠক করেন তিনি।

বিজ্ঞাপন

আরমান বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নগদ বিষয়ে তাদের চূড়ান্ত নীতি এখনো নির্ধারিত হয়নি। সরকার যদি অন্তর্বর্তী সরকারের মতো এটি বেসরকারি বিনিয়োগকারীদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে বিনিয়োগের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।

তিনি জানান, সংসদ সদস্য হিসেবে নয়, বরং একজন পেশাদার আইনজীবী হিসেবে বিদেশি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি। আরমান বলেন, 'আমি একজন পেশাদার আইনজীবী। এর আগে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডেল, মাইক্রোসফট, অ্যাপল ও উবারের মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে বিনিয়োগকারীদের পক্ষ থেকে আইনি সহায়তা দিচ্ছি।'

সম্ভাব্য বিনিয়োগকারী প্রতিষ্ঠানটির প্রযুক্তি খাতে বিনিয়োগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিনিয়োগকারীরা মূলত বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং খাতে আগ্রহী এবং অন্তর্বর্তী সরকারের সময় থেকেই তারা বিনিয়োগের সুযোগ খুঁজছিলেন। সরকারের সঙ্গে আলোচনার সময় তাদের আগ্রহের বিষয়টি জানানো হয়েছিল।

নগদে বিনিয়োগ লাভজনক হবে কি না, তা যাচাই করতে একটি অডিট করার আগ্রহের কথাও গভর্নরকে জানিয়েছেন বলে জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর এ ধরনের প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করা স্বার্থের সংঘাত সৃষ্টি করে কি না—এমন প্রশ্নের জবাবে আরমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই নগদে বিনিয়োগের বিষয়ে আলোচনা চলছে। তিনি একজন উদ্যোক্তা পরিবারের সদস্য হওয়ায় বিদেশি বিনিয়োগকারীরা তাকে বেছে নিয়েছেন।

তিনি বলেন, ‘সংসদ সদস্য হিসেবে এই দায়িত্ব পালন করা কোনো স্বার্থের সংঘাত সৃষ্টি করবে না। রাজনীতি করি জনগণের সেবার জন্য—এখানে কোনো আয় নেই। দেশের জন্য কাজ করি। আর পরিবার চালানোর জন্য পেশা হিসেবে আইনের চর্চা করি। ঐতিহাসিকভাবেই সংসদ সদস্যরা এমন পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। এখানে স্বার্থের কোনো দ্বন্দ্ব নেই।’

বর্তমান সরকার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে আন্তরিক বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি নগদে বহুজাতিক বিনিয়োগকারীদের আগ্রহের পক্ষে গভর্নরের কাছে একটি চিঠি দেন আরমান।

নতুন সরকারের সিদ্ধান্ত লাগার প্রয়োজনীয়তা কি এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নতুন সরকারের যে সিদ্ধান্ত থাকবে সেই অনুযায়ী কাজ হবে। বাংলাদেশ ব্যাংক শক্ত অবস্থানে আছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...