কেসিসি প্রশাসক

সন্তানদের কোরআন শিক্ষা দেওয়ার পাশাপাশি মহানবী (স.)-এর আদর্শে গড়ে তুলতে হবে

খুলনা ব্যুরো

সন্তানদের কোরআন শিক্ষা দেওয়ার পাশাপাশি মহানবী (স.)-এর আদর্শে গড়ে তুলতে হবে

সন্তানদের কোরআন শিক্ষা দেওয়ার পাশাপাশি মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর আদর্শে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) উপলক্ষে কেসিসির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বুধবার সকালে নগর ভবনের নিচতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা করা হয়। পরে ক্বিরাত, হামদ-নাত ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, মহান রাব্বুল আলামিন মহানবী হযরত মুহাম্মদ (স.)-কে মানবজাতির জন্য উপহার হিসেবে পাঠিয়েছেন। তিনি নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। মহানবী (স.) যে আদর্শ দেখিয়ে গেছেন, তা ধারণ করতে পারলে সারা বিশ্বের মানুষের জন্য কল্যাণ বয়ে আসবে।

তিনি বলেন, সন্তানদের কোরআন শিক্ষা দেওয়ার পাশাপাশি মহানবী (স.)-এর আদর্শে গড়ে তুলতে হবে। এর মাধ্যমে নতুন প্রজন্ম নৈতিকতা, মানবিকতা ও আদর্শ জীবনযাপনের শিক্ষা পাবে।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ এবং ইমাম পরিষদ-খুলনার সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনা আলিয়া কামিল মাদরাসার সাবেক ভাইস প্রিন্সিপ্যাল মুফতী মাওলানা মুশফিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিম।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন কেসিসি শিক্ষক সমিতির সভাপতি মাওলানা নাসির উদ্দিন কাসেমী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন