আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নতুন গভর্নর নিয়োগে সরকার দুর্বল পদক্ষেপ নিয়েছে: সিপিডি

অর্থনৈতিক রিপোর্টার

নতুন গভর্নর নিয়োগে সরকার দুর্বল পদক্ষেপ নিয়েছে: সিপিডি

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের ক্ষেত্রে সরকার ‘দুর্বল পদক্ষেপ’ নিয়েছে বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি ছিল এবং আরও গ্রহণযোগ্য প্রার্থী বেছে নেওয়ার সুযোগ রাষ্ট্রের হাতে ছিল।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আয়োজিত ‘নতুন সরকারের অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত: ১৮০ দিন ও তারপর’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এ পর্যবেক্ষণ তুলে ধরেন সংস্থার গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান নিয়োগের ক্ষেত্রে আরও শক্ত ও বিশ্বাসযোগ্য পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন ছিল।

বিজ্ঞাপন

খন্দকার গোলাম মোয়াজ্জেমের ভাষ্য, বর্তমান গভর্নরের সঙ্গে খেলাপি ঋণ ও বিশেষ সুবিধা গ্রহণ সংক্রান্ত আলোচনা-সমালোচনা যুক্ত হয়েছে। এমন পরিস্থিতি এড়াতে বিকল্প বিবেচনার সুযোগ কাজে লাগানো যেত। তার মতে, এ ধরনের নিয়োগে স্পষ্ট যোগ্যতা কাঠামো ও যাচাই-বাছাই প্রক্রিয়া থাকা জরুরি।

আর্থিক খাতের সাম্প্রতিক সংস্কার প্রসঙ্গে তিনি সদ্য সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের ভূমিকার প্রশংসা করেন। বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও যুক্তিনির্ভর অবস্থান নিয়ে তিনি সংস্কার উদ্যোগ এগিয়ে নিয়েছিলেন। পরিবর্তনের পথে স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীর বাধা থাকলেও ধারাবাহিক প্রচেষ্টায় কিছু ক্ষেত্রে অগ্রগতি এসেছে। সেই ধারাটি বজায় রাখতে অভিজ্ঞ নেতৃত্ব ধরে রাখা উপকারী হতে পারত বলেও মত দেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রীর দপ্তরে তাঁকে আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিক বিদায় জানানোর প্রত্যাশা ব্যক্ত করেন।

গভর্নর নিয়োগে সুনির্দিষ্ট মানদণ্ডের অভাবের কথা উল্লেখ করে সিপিডি জানায়, বর্তমানে ন্যূনতম বয়স ৩৫ বছর ছাড়া স্পষ্ট যোগ্যতার কাঠামো নেই। ভবিষ্যতে এ প্রক্রিয়াকে আইনগত ভিত্তি দিয়ে নির্ধারিত মানদণ্ড প্রণয়ন করা উচিত। উদাহরণ হিসেবে ভারতের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার বাছাই পদ্ধতির কথা তুলে ধরেন খন্দকার গোলাম মোয়াজ্জেম।

সেখানে অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি কমিটি প্রার্থীদের দীর্ঘ কর্মঅভিজ্ঞতা, প্রতিষ্ঠান পরিচালনার সক্ষমতা ও উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকা তৈরি করে সাক্ষাৎকার গ্রহণ করে থাকে। বাংলাদেশেও একই ধরনের স্ক্রিনিং কমিটি গঠন করে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ দেওয়ার পরামর্শ দেয় সংস্থাটি।

এদিকে পুঁজিবাজারে নিয়ন্ত্রণ শিথিলের প্রবণতা নিয়ে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, আর্থিক খাতের বিদ্যমান দুর্বলতার প্রেক্ষাপটে কঠোর তদারকি ও শক্ত নিয়ন্ত্রণ কাঠামো এখনও প্রয়োজন। বাজারে আস্থা ফেরাতে জবাবদিহিতা, সক্ষমতা বৃদ্ধি এবং সুসংগঠিত নজরদারি অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন